দেশে রান্নার গ্যাসের দাম দীর্ঘদিন স্থির থাকলেও আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ বাড়ছে। পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতির জেরে বিশ্ববাজারে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী হলেও তার পুরো প্রভাব যাতে সাধারণ মানুষের উপর না পড়ে, সেই লক্ষ্যে বড় অঙ্কের ভর্তুকি দিচ্ছে কেন্দ্র। সংসদে এমনই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী সূরেশ গোপী।
মন্ত্রী জানান, ১৪.২ কেজির গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের ক্ষেত্রে সরকার প্রায় ৭০০ টাকার পরোক্ষ বা ‘লুকোনো’ ভর্তুকি বহন করছে। তাঁর কথায়, আন্তর্জাতিক বাজারে দামের চাপ থাকা সত্ত্বেও দেশের গ্রাহকদের তুলনামূলক কম দামে সিলিন্ডার পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।
সরকারি তথ্য অনুযায়ী, বর্তমান আন্তর্জাতিক বাজারদর ধরে হিসাব করলে একটি ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের প্রকৃত মূল্য ১,৬০০ টাকারও বেশি হওয়ার কথা। কিন্তু সাধারণ গ্রাহকদের তা অনেক কম দামে কিনতে হচ্ছে। এই মূল্য ব্যবধানের বড় অংশই সরকার এবং রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি বহন করছে।
এদিকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের জন্য অতিরিক্ত সুবিধাও রয়েছে। এই প্রকল্পের আওতায় প্রতিটি সিলিন্ডারের জন্য ৩০০ টাকা সরাসরি গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকি হিসেবে জমা পড়ে। এর সঙ্গে সরকারের বহন করা প্রায় ৭০০ টাকার পরোক্ষ ভর্তুকি যুক্ত হলে মোট সহায়তার পরিমাণ প্রায় ১,০০০ টাকায় পৌঁছে যায়।
ফলে উজ্জ্বলা যোজনার উপভোক্তারা কার্যত মাত্র ৬৪২ টাকায় ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে পারছেন। কেন্দ্রের দাবি, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাব থেকে সাধারণ পরিবারগুলিকে সুরক্ষা দিতেই এই ভর্তুকি ব্যবস্থা বজায় রাখা হয়েছে।






