বিশ্বকাপ জয়ের আনন্দের মধ্যেই ব্যক্তিগত জীবনের বিশেষ মুহূর্ত শেয়ার করলেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর তিনি প্রকাশ্যে তাঁর প্রেমিকা মাহিকা শর্মাকে ‘স্ত্রী’ বলে উল্লেখ করেন।
ভারতের এই তারকা ক্রিকেটার টানা দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অংশ হয়েছেন এবং ইতিমধ্যেই নিজের ক্যারিয়ারে তৃতীয় আইসিসি ট্রফি জিতেছেন। এই সাফল্যের কৃতিত্বের বড় অংশই তিনি দিয়েছেন মাহিকাকে।
হার্দিক জানান, মাহিকা তাঁর জীবনে আসার পর থেকেই সবকিছু ইতিবাচকভাবে বদলাতে শুরু করেছে। তাঁর কথায়, ব্যক্তিগত জীবনের কঠিন সময় কাটিয়ে নতুনভাবে এগিয়ে যাওয়ার পেছনে মাহিকার বড় ভূমিকা রয়েছে।
২০২৪ সালে বিশ্বকাপ জয়ের পর হার্দিকের ব্যক্তিগত জীবনে বেশ কিছু পরিবর্তন আসে। অভিনেত্রী নাতাসা স্তাঙ্কোভিচ এর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর মাহিকা শর্মার সঙ্গে সম্পর্কে জড়ান তিনি।
বিশ্বকাপ জয়ের পর হার্দিক বলেন, গত বিশ্বকাপের পর থেকে তিনি জীবনের এক কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন। অনেক পরিবর্তনের মধ্যেও আবার মাঠে ফিরে সফল হওয়া সহজ ছিল না।
মাহিকাকে নিয়ে তিনি বলেন, তাঁর জীবনে মাহিকা আসার পর সবকিছুই যেন নতুনভাবে গড়ে উঠেছে। তিনি আরও জানান, তাঁর জীবনের এই সাফল্যের পিছনে শুধু মাহিকা নয়, তাঁর টিম এবং ব্যক্তিগত স্টাফদেরও বড় অবদান রয়েছে।
ভারতের হয়ে আরও দীর্ঘ সময় খেলতে চান হার্দিক। তিনি জানান, অন্তত আরও ১০ বছর ক্রিকেট খেলতে চান এবং সেই সময়ে আইসিসি ও আইপিএল মিলিয়ে অন্তত ১০টি ট্রফি জয়ের লক্ষ্য রয়েছে।
হার্দিকের মতে, দেশের হয়ে ট্রফি জেতার অনুভূতি সবসময়ই আলাদা। বিশেষ করে দেশের মাটিতে বিশ্বকাপ জয় তাঁর কাছে অত্যন্ত আবেগের মুহূর্ত।
তিনি বলেন, দলের প্রত্যেক ক্রিকেটার শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন যে ভারতই শেষ পর্যন্ত শিরোপা জিতবে। সেমিফাইনাল থেকেই দলের আত্মবিশ্বাস আরও বেড়ে গিয়েছিল।






