বহু বছরের অপেক্ষার অবসান হতে চলেছে গেমপ্রেমীদের। অবশেষে বাজারে আসছে বহুল প্রতীক্ষিত ভিডিও গেম Grand Theft Auto VI (GTA 6)। নির্মাতা সংস্থা রকস্টার গেমস জানিয়েছে, আগামী ১৯ নভেম্বর, আন্তর্জাতিক পুরুষ দিবসের দিন থেকেই বিশ্বজুড়ে এই গেম খেলতে পারবেন ব্যবহারকারীরা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রি-অর্ডারও।
লঞ্চের আগে অবশ্য বিতর্কও পিছু ছাড়েনি জিটিএ-৬-এর। সম্প্রতি এক ব্যক্তি গেমটির লাইভ স্ট্রিমিং করে সেই ভিডিও ইউটিউবে আপলোড করেন। বিষয়টি নজরে আসতেই কপিরাইট লঙ্ঘনের অভিযোগে দ্রুত ব্যবস্থা নেয় রকস্টার গেমস। তবে এই ঘটনার প্রভাব গেমটির নির্ধারিত প্রকাশের তারিখে পড়ছে না বলেই জানা গিয়েছে।
জিটিএ-৬ নিয়ে উন্মাদনার মাত্রা কতটা, তার একটি নজিরও সামনে এসেছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার Burger Motorsports নামে একটি সংস্থা ১৯ নভেম্বর তাদের কর্মীদের বিশেষ ছুটি ঘোষণা করেছে। সংস্থার বক্তব্য, কর্মীরা যাতে উদ্বোধনের দিন বাড়িতে বসেই নতুন গেমটি উপভোগ করতে পারেন, সেই কারণেই এই সিদ্ধান্ত।
উল্লেখ্য, ২০২৩ সালের শেষ দিকে প্রথমবার জিটিএ-৬ বাজারে আনার ঘোষণা করেছিল রকস্টার গেমস। এরপর দীর্ঘ সময় ধরে গেমটির উন্নয়ন চলেছে। সেই অপেক্ষা যত বেড়েছে, ততই বেড়েছে গেমটিকে ঘিরে আগ্রহও।
রকস্টার জানিয়েছে, জিটিএ-৬ দুটি সংস্করণে পাওয়া যাবে—স্ট্যান্ডার্ড এডিশন এবং আল্টিমেট এডিশন। স্ট্যান্ডার্ড সংস্করণে থাকবে গেমের মূল অভিজ্ঞতা। অন্যদিকে আল্টিমেট এডিশনে অতিরিক্ত যানবাহন, বিশেষ অস্ত্র, এক্সক্লুসিভ পোশাক এবং আরও কিছু ইন-গেম সুবিধা মিলবে।
দামের ক্ষেত্রেও রয়েছে পার্থক্য। স্ট্যান্ডার্ড এডিশনের মূল্য রাখা হয়েছে ৮৯.৯৯ মার্কিন ডলার, আর আল্টিমেট এডিশনের দাম ৯৯.৯৯ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় হিসাব করলে এই গেম কিনতে প্রায় ৯,৫০০ টাকা বা তারও বেশি খরচ হতে পারে।






