Google অ্যাকাউন্টে লগ-ইন করতে গিয়ে পাসওয়ার্ড ভুলে যাওয়া বা টু-ফ্যাক্টর অথেন্টিকেশন (2FA) কাজ না করার সমস্যায় অনেকেই পড়েন। এমন পরিস্থিতিতে অ্যাকাউন্ট পুনরুদ্ধার আরও সহজ করতে নতুন একটি নিরাপত্তা ফিচার আনছে গুগল। এর নাম ‘Selfie Video Verification’।
নতুন এই ব্যবস্থায় ব্যবহারকারীকে নিজের মোবাইল বা কম্পিউটারের ক্যামেরা ব্যবহার করে একটি ছোট সেলফি ভিডিও রেকর্ড করতে হবে। সেই ভিডিওর মাধ্যমে গুগল যাচাই করবে, অ্যাকাউন্টে প্রবেশের চেষ্টা করছেন প্রকৃত ব্যবহারকারীই কি না। সবকিছু ঠিক থাকলে অ্যাকাউন্টে পুনরায় লগ-ইন বা অ্যাকাউন্ট রিকভারি অনেক সহজ হয়ে যাবে।
এই ভেরিফিকেশন প্রক্রিয়ায় ব্যবহারকারীকে স্ক্রিনে দেখানো কয়েকটি নির্দেশ মেনে চলতে হবে। যেমন, মাথা ডান-বাঁ দিকে বা ওপর-নিচে নাড়ানোর মতো কিছু সহজ নির্দেশ দেওয়া হবে। এর মাধ্যমে নিশ্চিত করা হবে যে এটি একটি লাইভ ভিডিও, কোনও স্থির ছবি বা আগে থেকে রেকর্ড করা ভিডিও নয়। গুগলের দাবি, প্রযুক্তিটি অনেকটা অ্যাপলের Face ID-এর মতো কাজ করলেও এর জন্য বিশেষ ইনফ্রারেড হার্ডওয়্যারের প্রয়োজন হবে না।
নিরাপত্তার বিষয়েও আশ্বাস দিয়েছে সংস্থা। গুগলের দাবি, ব্যবহারকারীর রেফারেন্স সেলফি ভিডিও ক্লাউডে সুরক্ষিতভাবে সংরক্ষিত থাকবে। প্রয়োজনে অ্যাকাউন্ট সেটিংস থেকে যে কোনও সময় সেই ভিডিও মুছে ফেলার সুযোগও থাকবে। মূলত সাইন-ইন যাচাইয়ের জন্যই এই ভিডিও ব্যবহার করা হবে। তবে ব্যবহারকারী চাইলে অন্য পরিষেবার ক্ষেত্রেও ব্যবহারের অনুমতি দিতে পারবেন।
ডিপফেক এবং পরিচয় জালিয়াতি ঠেকাতেও নতুন নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। অ্যাকাউন্ট রিকভারির সময় নতুন করে একটি লাইভ সেলফি ভিডিও রেকর্ড করতে হবে। গুগলের দাবি, এই প্রযুক্তি AI-তৈরি ডিপফেক, পুরনো ভিডিও বা স্থির ছবি ব্যবহার করে পরিচয় যাচাইয়ের চেষ্টা শনাক্ত করতে সক্ষম।
গুগল জানিয়েছে, ধাপে ধাপে বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীদের জন্য এই ফিচার চালু করা হবে। কোনও ব্যবহারকারীর অ্যাকাউন্টে সুবিধাটি এসেছে কি না, তা নির্দিষ্ট সাইন-ইন পেজে গিয়ে দেখে নেওয়া যাবে। নতুন এই ফিচারের মাধ্যমে ভবিষ্যতে Google অ্যাকাউন্টের নিরাপত্তা আরও শক্তিশালী হবে বলেই মনে করছে প্রযুক্তি মহল।






