অজানা শহরে রাস্তা খুঁজতে এখন অধিকাংশ মানুষেরই ভরসা Google Maps। শুধু নেভিগেশন নয়, হোটেল, রেস্তরাঁ, পর্যটন কেন্দ্র কিংবা জরুরি পরিষেবা খুঁজে পেতেও এই অ্যাপের ব্যবহার ব্যাপক। কিন্তু বিশ্বের সব দেশে Google Maps একইভাবে কাজ করে না। বিশেষ করে চিনে গেলে এই অ্যাপ ব্যবহার নিয়ে সমস্যায় পড়তে পারেন অনেকেই।
বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কয়েক বছর আগে Google ধাপে ধাপে চিনে তাদের অধিকাংশ পরিষেবা গুটিয়ে নেয়। এর পিছনে ছিল ইন্টারনেট সেন্সরশিপ এবং তথ্য নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়ে চিনা সরকারের সঙ্গে দীর্ঘদিনের মতপার্থক্য। পরবর্তীতে Google-এর একাধিক পরিষেবা দেশটিতে সীমিত বা কার্যত অচল হয়ে যায়। সেই তালিকায় রয়েছে Google Maps-ও।
এই কারণেই চিনে বিক্রি হওয়া অধিকাংশ অ্যান্ড্রয়েড স্মার্টফোনে Google Mobile Services বা GMS থাকে না। ফলে Google Play Store, Google Maps, Gmail-সহ একাধিক Google পরিষেবা ডিভাইসে আগে থেকে ইনস্টল করা থাকে না।
তবে অনেকের মনে প্রশ্ন থাকে, নিজের ফোনে আগে থেকেই Google Maps থাকলে কি চিনে গিয়ে তা ব্যবহার করা যাবে? বাস্তবে বিষয়টি এতটা সহজ নয়।
অ্যাপটি ফোনে ইনস্টল থাকলেও চিনে গিয়ে ভারতের মতো নির্ভুলভাবে নেভিগেশন পাওয়া নাও যেতে পারে। অনেক ক্ষেত্রে ম্যাপের তথ্য অসম্পূর্ণ দেখা যায়, আবার কোথাও লোকেশন ভুল দেখানোর অভিযোগও রয়েছে। ফলে শুধুমাত্র Google Maps-এর উপর নির্ভর করলে গন্তব্যে পৌঁছতে সমস্যা হতে পারে।
তাই চিনে ভ্রমণের পরিকল্পনা থাকলে আগে থেকেই প্রস্তুতি নেওয়া জরুরি। প্রয়োজনীয় জায়গাগুলির ম্যাপ অফলাইনে সংরক্ষণ করে রাখা, গুরুত্বপূর্ণ ঠিকানাগুলি আলাদা করে সেভ করা এবং স্থানীয়ভাবে ব্যবহৃত বিকল্প নেভিগেশন অ্যাপ সম্পর্কে আগে থেকে জেনে নেওয়া বুদ্ধিমানের কাজ।
বিদেশ সফরে প্রযুক্তির উপর নির্ভরতা যত বাড়ছে, ততই বিভিন্ন দেশের ডিজিটাল নীতির পার্থক্য সম্পর্কে সচেতন থাকাও প্রয়োজন। বিশেষ করে চিনে ভ্রমণের ক্ষেত্রে Google Maps যে সবসময় নির্ভরযোগ্য হবে না, সেই বিষয়টি মাথায় রেখেই পরিকল্পনা করা উচিত।






