সোনা ও রুপোর দামের ওঠাপড়া ঘিরে বাজারে জল্পনা বাড়ছিল। তবে পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
Gold and Silver Price in India: সোমবার বাজেট-পরবর্তী বৈঠকে নির্মলা সীতারমণ জানান, সোনা ও রুপোর দামের পরিবর্তন সরকারের কড়া নজরদারিতে রয়েছে। তাঁর কথায়, বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক নয় এবং বাজারের চাহিদা অনেকটাই মরসুমি প্রভাবিত।
ভারতীয় রিজ়ার্ভ ব্যাঙ্কের কেন্দ্রীয় পরিচালন পর্ষদের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, দেশে ব্যবহৃত প্রায় সমস্ত সোনাই আমদানি করা হয়। ফলে আন্তর্জাতিক বাজারের গতিবিধির উপর দেশের দামের প্রভাব পড়ে। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হলেও আমদানি-নির্ভরতার কারণে সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব নয় বলেও জানান তিনি।
অর্থমন্ত্রীর ব্যাখ্যা, বর্তমানে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক সোনা ও রুপো কিনছে। সেই কারণেই আন্তর্জাতিক বাজারে দামের ওঠা-নামা হচ্ছে। এই বৈশ্বিক প্রবণতার প্রভাব ভারতীয় বাজারেও পড়ছে।
চলতি মাসের শুরুতে কেন্দ্রীয় বাজেটে সোনা ও রুপোর আমদানি শুল্ক ৫ শতাংশ কমানোর ঘোষণা করা হয়েছিল। প্রথম দিকে দাম কমলেও পরবর্তীতে আবার বৃদ্ধি লক্ষ্য করা যায়। এই প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন, বাজারের স্বাভাবিক চাহিদা ও আন্তর্জাতিক পরিস্থিতিই মূলত দায়ী।
মার্কিন যুক্তরাষ্ট্রে শুল্কনীতি সংক্রান্ত রায় ভারতের অর্থনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে, সে বিষয়ে প্রশ্ন করা হলে অর্থমন্ত্রী জানান, বাণিজ্য ও শিল্প মন্ত্রক বিষয়টি খতিয়ে দেখছে। এখনই কোনও তড়িঘড়ি মন্তব্য করা ঠিক হবে না।
এ দিন ব্যাঙ্কগুলির প্রতিও বার্তা দেন নির্মলা। আর্থিক পণ্যের ভ্রান্ত বিপণন নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি ব্যাঙ্কগুলিকে মূল ব্যবসায় আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেন।
সব মিলিয়ে, সোনা ও রুপোর দামের অস্থিরতা নিয়ে আপাতত আতঙ্কিত হওয়ার কারণ নেই বলেই বার্তা কেন্দ্রীয় সরকারের।







