বিদেশে পড়তে যাওয়ার স্বপ্ন এবার আরও সহজ হতে পারে। ভারতীয় পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করল ফ্রান্স।
France Student Visa for Indian Students : ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল মাক্রোঁ দিল্লিতে কৃত্রিম মেধা সম্মেলনে যোগ দিয়ে জানিয়েছেন, ফ্রান্সে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভারতীয় ছাত্রছাত্রীদের জন্য একাধিক সুবিধা আনা হচ্ছে। লক্ষ্য একটাই, আগামী দিনে আরও বেশি ভারতীয় পড়ুয়াকে ফরাসি শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত করা।
প্রতি বছর গড়ে প্রায় ১০ হাজার ভারতীয় পড়ুয়া ফ্রান্সে পড়তে যান। ২০৩০ সালের মধ্যে সেই সংখ্যা ৩০ হাজারে পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই লক্ষ্য পূরণে স্টুডেন্ট ভিসা প্রক্রিয়া আরও সরল করার আশ্বাস দিয়েছেন ফরাসি রাষ্ট্রপতি।
বিশেষ করে দীর্ঘমেয়াদি কোর্সের ক্ষেত্রে ভিসা সংক্রান্ত জটিলতা কমানো হবে। বর্তমানে অনেক সময় দেখা যায়, তিন বছরের পিএইচডি কোর্সের জন্য ছাত্রছাত্রী এক বছরের ভিসা পান। এই অসঙ্গতি দূর করতে নিয়মে পরিবর্তন আনার কথা জানানো হয়েছে।
শুধু ভিসা নয়, ইংরেজি মাধ্যমে পড়াশোনার সুযোগও বাড়ানো হবে। ফ্রান্সের স্বীকৃত বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে ভারতীয় পড়ুয়াদের ভর্তি প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি ভারতে ফরাসি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও যৌথ ডিগ্রি কোর্সের সংখ্যাও বাড়ানো হবে।
গবেষণার ক্ষেত্রেও দুই দেশের সহযোগিতা বাড়ছে। কৃত্রিম মেধার সাহায্যে স্বাস্থ্য, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর পরিষেবায় উন্নতির লক্ষ্যে বিশেষ গবেষণা কেন্দ্র চালু করার পরিকল্পনা রয়েছে। সেখানে ভারতীয় গবেষকদের অংশগ্রহণের সুযোগ মিলবে।
এ ছাড়াও ভারতীয় নাগরিকদের জন্য আরও একটি বড় ঘোষণা করা হয়েছে। ফ্রান্সের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর এতদিন ভারতীয়দের ‘এয়ারপোর্ট ট্রানজিট ভিসা’ নিতে হত। আপাতত ছয় মাসের জন্য পরীক্ষামূলক ভাবে সেই বাধ্যবাধকতা স্থগিত রাখা হবে। ফলে ছাত্রছাত্রী এবং তাঁদের অভিভাবকদের যাতায়াতে কিছুটা স্বস্তি মিলতে পারে।
সব মিলিয়ে, ভারত ও ফ্রান্সের শিক্ষাক্ষেত্রে সহযোগিতার নতুন অধ্যায় শুরু হওয়ার ইঙ্গিতই মিলছে এই ঘোষণায়।






