সামাজিক মাধ্যমের পরিসর বাড়াতে নতুন পদক্ষেপ নিল X Corp। সংস্থাটি iPhone ও iPad ব্যবহারকারীদের জন্য চালু করেছে তাদের নতুন মেসেজিং অ্যাপ ‘XChat’। এটি মূলত ব্যক্তিগত চ্যাটিংয়ের জন্য তৈরি একটি স্বতন্ত্র অ্যাপ, যেখানে প্রাইভেসিকে প্রাধান্য দেওয়ার দাবি করেছে সংস্থা।
কোম্পানির দাবি, XChat-এ রয়েছে এন্ড-টু-এন্ড এনক্রিপশন, পাশাপাশি কোনও বিজ্ঞাপন বা ট্র্যাকিং ব্যবস্থা নেই। ফলে ব্যবহারকারীরা তুলনামূলক বেশি সুরক্ষিত পরিবেশে ব্যক্তিগত কথোপকথন চালাতে পারবেন।
এই অ্যাপের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল, এটি সরাসরি X-এর সঙ্গে যুক্ত। ফলে আলাদা করে নতুন অ্যাকাউন্ট তৈরি বা কনট্যাক্ট যোগ করার প্রয়োজন নেই। X-এ যাঁরা আগে থেকেই সংযুক্ত, তাঁদের সঙ্গেই সরাসরি চ্যাট শুরু করা যাবে।
ডাউনলোডের প্রক্রিয়াটিও সহজ রাখা হয়েছে। iPhone বা iPad ব্যবহারকারীদের App Store-এ গিয়ে ‘XChat’ খুঁজে অ্যাপটি ইনস্টল করতে হবে। ইনস্টলেশনের সময় Face ID, Touch ID বা Apple ID পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। তবে একটি শর্ত রয়েছে—এই অ্যাপ শুধুমাত্র iOS 26 বা তার ঊর্ধ্বতন সংস্করণে চলবে।
অ্যাপটি ব্যবহারের সময় ব্যবহারকারীদের একটি সিকিউরিটি PIN সেট করতে হবে, যা চ্যাট সুরক্ষায় অতিরিক্ত স্তর যোগ করবে। প্রয়োজনে কনট্যাক্ট অ্যাক্সেসের মতো অনুমতিও দিতে হতে পারে।
ফিচারের দিক থেকেও XChat-কে প্রতিযোগিতায় এগিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। এতে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ, মেসেজ এডিট বা ডিলিট করার সুবিধা, বড় ফাইল শেয়ারিং, গ্রুপ চ্যাট এবং স্ক্রিনশট ব্লকিংয়ের মতো অপশন রয়েছে। ফলে ব্যক্তিগত কথোপকথন আরও নিয়ন্ত্রিত ও নিরাপদ রাখা সম্ভব।
প্রাইভেসি-কেন্দ্রিক এই নতুন অ্যাপটি বিশেষ করে তাঁদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, যাঁরা বিজ্ঞাপন বা ডেটা ট্র্যাকিং ছাড়া নিরাপদ যোগাযোগ মাধ্যম খুঁজছেন। X-এর বিদ্যমান ব্যবহারকারীদের জন্য এটি দ্রুত জনপ্রিয়তা পেতে পারে বলেই মনে করা হচ্ছে।






