অবশেষে জল্পনাই সত্যি, বিচ্ছেদের ঘোষণা মৌনী-সূরজের, কেন এই সিদ্ধান্ত?

On: Thursday, May 14, 2026 9:43 PM
---Advertisement---

কয়েক মাস ধরেই বলিপাড়ায় গুঞ্জন চলছিল। সম্পর্কের টানাপড়েন, আলাদা থাকা, দূরত্ব— নানা জল্পনায় বারবার উঠে আসছিল মৌনী রায় (Mouni Roy) এবং সূরজ নাম্বিয়ার (Suraj Nambiar)-এর নাম। অবশেষে সেই জল্পনাতেই সিলমোহর দিলেন তাঁরা নিজেরাই। সমাজমাধ্যমে যৌথ বিবৃতি প্রকাশ করে বিচ্ছেদের কথা ঘোষণা করলেন তারকা দম্পতি।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশিত দীর্ঘ বিবৃতিতে মৌনী ও সূরজ জানান, তাঁরা পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের বক্তব্য, “আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বিষয়গুলি ব্যক্তিগত ভাবে ও সৌজন্য বজায় রেখে সামলানোর জন্য প্রয়োজনীয় সময় নিচ্ছি।”

গত কয়েক সপ্তাহ ধরে তাঁদের সম্পর্ক নিয়ে নানা গুজব ছড়িয়েছিল সমাজমাধ্যমে। সেই প্রসঙ্গও উঠে এসেছে বিবৃতিতে। দু’জনেই লিখেছেন, “আমাদের ব্যক্তিগত জীবনে রং চড়ানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু আমাদের সম্পর্কের সত্যতা তা নয়।”

সম্পর্ক ভাঙলেও একে অপরের প্রতি শ্রদ্ধা বজায় থাকবে বলেই জানিয়েছেন তাঁরা। নিজেদের সিদ্ধান্ত প্রসঙ্গে মৌনী ও সূরজের বক্তব্য, “শ্রদ্ধা ও বোঝাপড়া বজায় রেখেই আমরা ভিন্ন পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছি।” একইসঙ্গে এই কঠিন সময়টাকে ব্যক্তিগত পরিসরেই রাখতে চান বলেও অনুরোধ করেছেন তাঁরা।

বিচ্ছেদের পথে হাঁটলেও অতীতের স্মৃতিকে অস্বীকার করছেন না কেউই। একসঙ্গে কাটানো সময়, বন্ধুত্ব এবং ভাল মুহূর্তগুলিকে সারাজীবন মনে রাখবেন বলেও জানিয়েছেন দু’জনে।

সম্প্রতি শোনা যাচ্ছিল, প্রায় ছ’মাস ধরেই নাকি আলাদা থাকছেন তাঁরা। সম্পর্কের অবনতির পিছনে একাধিক কারণ নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। কোথাও দাবি করা হয়, সূরজ নাকি সম্পর্কে প্রতারণা করেছেন। আবার অন্য একাংশের দাবি ছিল, বিয়ের পর থেকে সম্পর্কে নিজেকে গুরুত্বহীন মনে করতেন সূরজ। তবে এই সমস্ত জল্পনা নিয়ে প্রকাশ্যে কখনও মন্তব্য করেননি কেউই।

উল্লেখ্য, ২০২২ সালের ২৭ জানুয়ারি গোয়ায় বিয়ে করেছিলেন মৌনী ও সূরজ। বাঙালি এবং মলয়ালি— দুই রীতিতেই হয়েছিল তাঁদের বিয়ের অনুষ্ঠান। সেই সময় বিয়ের ছবি এবং ভিডিয়ো সমাজমাধ্যমে ব্যাপক চর্চার বিষয় হয়েছিল। বিয়ের পরও বিভিন্ন অনুষ্ঠান ও পার্টিতে একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। তাই আচমকা এই বিচ্ছেদের ঘোষণায় স্বাভাবিক ভাবেই মন খারাপ অনুরাগীদের একাংশের।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now