উচ্চশিক্ষার নামে বড় প্রতারণা। দেশের একাধিক রাজ্যে ছড়িয়ে রয়েছে ভুয়ো বিশ্ববিদ্যালয়।
Fake Universities নিয়ে বড় সতর্কবার্তা দিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। নতুন তালিকায় দেশের ১২টি রাজ্য থেকে মোট ৩২টি ভুয়ো বিশ্ববিদ্যালয় চিহ্নিত হয়েছে। উদ্বেগের বিষয়, এর মধ্যে দু’টি রয়েছে পশ্চিমবঙ্গেও।
UGC স্পষ্ট জানিয়েছে, এই সব প্রতিষ্ঠান তাদের স্বীকৃত নয়। ফলে এই সংস্থাগুলি কোনও বৈধ ডিগ্রি দেওয়ার অধিকার রাখে না। সেখানে ভর্তি হলে ভবিষ্যতে উচ্চশিক্ষা বা চাকরির ক্ষেত্রে সেই ডিগ্রি গ্রহণযোগ্য হবে না।
গত দুই বছরে ভুয়ো বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ২০ থেকে বেড়ে ৩২-এ পৌঁছনো শিক্ষামহলে উদ্বেগ বাড়িয়েছে। হরিয়ানা, রাজস্থান, ঝাড়খণ্ড, অরুণাচল প্রদেশের মতো রাজ্য থেকেও এবার প্রথমবার ভুয়ো বিশ্ববিদ্যালয়ের খোঁজ মিলেছে।
পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও দু’টি প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে তালিকায়। পাশাপাশি বেঙ্গালুরুর একটি সংস্থার বিরুদ্ধেও সতর্ক করা হয়েছে, যারা নিজেদের বিশ্ববিদ্যালয় হিসেবে প্রচার করছিল।
কীভাবে প্রতারণা?
বিশেষজ্ঞদের মতে, দ্রুত ডিগ্রি, কম ফি এবং নমনীয় কোর্সের প্রলোভন দেখিয়েই পড়ুয়াদের ফাঁদে ফেলে এই সব সংস্থা। বাস্তবে তাদের না আছে পর্যাপ্ত পরিকাঠামো, না রয়েছে যোগ্য শিক্ষক বা মানসম্মত পাঠক্রম। আন্তর্জাতিক প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে বিশ্বাসযোগ্যতা তৈরির চেষ্টাও করা হয়।
UGC নির্দিষ্ট সময় অন্তর এই ধরনের তালিকা প্রকাশ করে পড়ুয়া ও অভিভাবকদের সতর্ক করছে। ভর্তি হওয়ার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্বীকৃতি যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
কারণ ভুয়ো বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত ডিগ্রি আইনি ভাবে অকার্যকর। ফলে সময় ও অর্থ দুটোই নষ্ট হওয়ার ঝুঁকি থাকছে।






