Electric Bill Saving Tips : বিদ্যুৎ বিল নিয়ে চিন্তা আজ প্রায় সব বাড়ির। কিন্তু ভাবতে পারবেন, মাসের শেষে বিলের অঙ্ক একেবারে শূন্য? অবিশ্বাস্য হলেও এটাই বাস্তব বসিরহাটের এক বাড়িতে।
উত্তর ২৪ পরগনার বসিরহাটের বাসিন্দা অসিম দাস বাড়িতে সোলার প্যানেল বসিয়ে সম্পূর্ণ বদলে ফেলেছেন বিদ্যুৎ ব্যবহারের ধারণা। এসি, ফ্রিজ, গিজার, টিভি, ফ্যান থেকে শুরু করে সমস্ত লাইট—সবই চলছে সৌর শক্তিতে।
সবচেয়ে চমকপ্রদ বিষয়, এই বাড়িতে বিদ্যুৎ দফতরের বিদ্যুৎ কার্যত ব্যবহারই হয় না। ফলে মাসের শেষে বিদ্যুৎ বিলের অঙ্ক শূন্য। ক্রমবর্ধমান বিদ্যুতের খরচের যুগে এটি নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত।
কীভাবে সম্ভব হল এই সাশ্রয়?
ছাদের উপর উন্নত মানের সোলার প্যানেল বসানো হয়েছে। দিনের বেলা সূর্যের আলো থেকেই উৎপন্ন হচ্ছে বিদ্যুৎ, যা ব্যাটারিতে সঞ্চিত থাকছে। সেই বিদ্যুতেই দিন-রাত নির্বিঘ্নে চলছে বাড়ির সমস্ত ইলেকট্রিক যন্ত্র।
অসিম দাস জানিয়েছেন, প্রথমে খরচ কিছুটা বেশি মনে হলেও দীর্ঘমেয়াদে এটি অত্যন্ত লাভজনক। বিদ্যুৎ বিল নেই বললেই চলে, পাশাপাশি পরিবেশবান্ধব এই ব্যবস্থায় কার্বন নিঃসরণও কমছে।
বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে বিদ্যুতের দাম আরও বাড়তে পারে। সেই পরিস্থিতিতে সোলার শক্তিই হতে পারে মধ্যবিত্ত পরিবারের সবচেয়ে বড় ভরসা।
বসিরহাটের এই বাড়ি এখন এলাকাজুড়ে আলোচনার কেন্দ্র। অনেকেই অনুপ্রাণিত হয়ে নিজেদের বাড়িতে সোলার প্যানেল বসানোর কথা ভাবছেন। বিদ্যুৎ বিল কমানোর পাশাপাশি প্রকৃতির সুরক্ষায়ও যে এটি বড় পদক্ষেপ, তা প্রমাণ করে দিল এই উদাহরণ।






