মহিলাদের আর্থিকভাবে আরও স্বনির্ভর করে তুলতে বড় পদক্ষেপ নিল দিল্লি সরকার। ‘দিল্লি লক্ষ্মী যোজনা’ নামে নতুন একটি প্রকল্পে যোগ্য মহিলাদের প্রতি মাসে ২,৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ, বছরে সর্বাধিক ৩০,০০০ টাকা পর্যন্ত সুবিধা মিলবে। আগামী ১ অগস্ট থেকে এই প্রকল্পে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে।
সরকার জানিয়েছে, এই প্রকল্প বাস্তবায়নের জন্য ৫,১১০ কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে। লক্ষ্য, রাখিবন্ধনের আগেই প্রায় ১৭ লক্ষ মহিলাকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা।
মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন, নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করতেই এই প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। তাঁর দাবি, মাসিক আর্থিক সহায়তার পাশাপাশি মহিলাদের সঞ্চয় ও বিনিয়োগে উৎসাহিত করাও এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য, যাতে ভবিষ্যতে তাঁরা আরও আর্থিকভাবে স্বনির্ভর হতে পারেন।
কারা আবেদন করতে পারবেন?
এই প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স ২১ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম হওয়া বাধ্যতামূলক। একটি পরিবার থেকে মাত্র একজন মহিলা এই সুবিধা পাবেন। যদি একই পরিবারের একাধিক মহিলা যোগ্য হন, তাহলে বেশি বয়সী মহিলাকে অগ্রাধিকার দেওয়া হবে।
এ ছাড়া আবেদনকারী অথবা তাঁর স্বামী বা বাবা-মায়ের অন্তত ১০ বছর ধরে দিল্লির বাসিন্দা হওয়া প্রয়োজন। পরিবারের কোনও সদস্য আয়করদাতা বা জিএসটি নিবন্ধিত করদাতা হলে এই প্রকল্পের সুবিধা মিলবে না।
কারা আবেদন করতে পারবেন না?
সরকারের নির্ধারিত একাধিক শর্তের কারণে অনেকেই এই প্রকল্পের বাইরে থাকবেন। যাঁদের তিনটির বেশি সন্তান রয়েছে, যাঁদের পরিবারের বার্ষিক বিদ্যুৎ ব্যবহার ২,৪০০ ইউনিটের বেশি, পরিবারের নামে চার চাকার গাড়ি রয়েছে বা অন্য কোনও সরকারি প্রকল্পে নিয়মিত আর্থিক সহায়তা পাচ্ছেন, তাঁরা আবেদন করতে পারবেন না।
এ ছাড়া সরকারি কর্মচারী, সরকারি পেনশনভোগী পরিবারের সদস্য, আয়করদাতা, জিএসটি করদাতা পরিবারের সদস্য এবং অপরাধমূলক রেকর্ড রয়েছে এমন মহিলারাও এই প্রকল্পের আওতায় আসবেন না।
কীভাবে মিলবে ২,৫০০ টাকা?
সরকার সুবিধাভোগীদের জন্য দুটি বিকল্প রেখেছে। প্রথম বিকল্পে প্রতি মাসের ২,৫০০ টাকার মধ্যে ১,৫০০ টাকা রেকারিং ডিপোজিট (RD) অথবা ফিক্সড ডিপোজিটে (FD) জমা হবে। বাকি ১,০০০ টাকা জমা হবে আরবিআইয়ের সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি (CBDC) ডিজিটাল ওয়ালেটে।
দ্বিতীয় বিকল্পে পুরো ২,৫০০ টাকাই আরডি বা এফডিতে জমা রাখা যাবে। তবে এই জমার উপর তিন বছরের লক-ইন পিরিয়ড থাকবে। অর্থাৎ, তিন বছর পূর্ণ হওয়ার আগে সেই টাকা তোলা যাবে না।
CBDC-র টাকা কোথায় খরচ করা যাবে?
ডিজিটাল ওয়ালেটে জমা হওয়া অর্থ শুধুমাত্র সরকার নির্ধারিত প্রয়োজনীয় পণ্য ও পরিষেবা কেনার জন্য ব্যবহার করা যাবে। মদ, তামাকজাত পণ্য, মাদক, লটারির টিকিট বা জুয়া সংক্রান্ত কোনও খাতে এই অর্থ ব্যবহার করা যাবে না। মোবাইল অ্যাপের মাধ্যমে এই ডিজিটাল ওয়ালেট পরিচালিত হবে।
কীভাবে আবেদন করবেন?
আগামী ১ অগস্ট থেকে অনলাইনে আবেদন শুরু হবে। আবেদন প্রক্রিয়া সহজ রাখার পাশাপাশি অভিযোগ নিষ্পত্তির জন্য আলাদা গ্রিভ্যান্স রিড্রেসাল সিস্টেমও চালু করবে সরকার। দিল্লি সরকারের দাবি, এই প্রকল্প শুধু মাসিক আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নয়, দীর্ঘমেয়াদে মহিলাদের সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।






