দেশে যোগাযোগ ব্যবস্থায় নতুন অধ্যায়ের সূচনা করতে স্যাটেলাইট ফোন পরিষেবা নিয়ে এসেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)। মোবাইল টাওয়ারের নেটওয়ার্ক না থাকলেও এই ফোনের মাধ্যমে সরাসরি উপগ্রহের সাহায্যে যোগাযোগ করা যাবে। বিশেষ করে দুর্গম এলাকা, উদ্ধারকাজ, প্রতিরক্ষা এবং অ্যাডভেঞ্চার ট্যুরিজ়মের মতো ক্ষেত্রকে মাথায় রেখেই এই পরিষেবা চালু করেছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা।
গ্রাহকদের জন্য প্রিপেড এবং পোস্টপেড—দুই ধরনের প্ল্যানই রাখা হয়েছে। প্রিপেড প্ল্যানে বাণিজ্যিক গ্রাহকদের বছরে ৬৪,১৮৫ টাকা খরচ করতে হবে। অর্থাৎ, মাসিক খরচ দাঁড়াবে প্রায় ৫,৩৫০ টাকারও বেশি। তবে সরকারি কর্মীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থাও রয়েছে। তাঁদের ক্ষেত্রে বছরে ৩৮,৫০০ টাকা দিতে হবে, যা মাসে প্রায় ৩,৫০০ টাকার সমান।
পোস্টপেড ব্যবহারকারীদের জন্য তিনটি আলাদা প্ল্যান চালু করেছে BSNL। এই প্ল্যানগুলিতে মাসিক খরচ ৩,৫০০ টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ১১,৬৭০ টাকা পর্যন্ত হতে পারে।
তবে শুধু মাসিক প্ল্যানের খরচই নয়, অতিরিক্ত ব্যবহারের ক্ষেত্রেও নির্দিষ্ট চার্জ ধার্য করা হয়েছে। প্ল্যানে থাকা ফ্রি টকটাইম শেষ হয়ে গেলে প্রতি মিনিটের জন্য ১৮ টাকা করে দিতে হবে।
স্যাটেলাইট ফোনের হ্যান্ডসেটের দামও বেশ বেশি। BSNL জানিয়েছে, সমস্ত কর-সহ একটি ডিভাইস কিনতে খরচ হবে ১ লক্ষ ৩৪ হাজার ১৬৬ টাকা।
এই ফোনের সবচেয়ে বড় সুবিধা হল, এটি মোবাইল টাওয়ারের উপর নির্ভর করে না। ফলে পাহাড়, জঙ্গল, সমুদ্র বা অন্য কোনও নেটওয়ার্কবিহীন অঞ্চলেও উপগ্রহের মাধ্যমে ফোন করা সম্ভব। পাশাপাশি দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য এতে উচ্চ ক্ষমতার ব্যাটারিও দেওয়া হয়েছে। মূলত জরুরি পরিষেবা, প্রতিরক্ষা, খনি শিল্প এবং প্রত্যন্ত এলাকায় কাজ করা ব্যক্তিদের প্রয়োজন মাথায় রেখেই এই পরিষেবা চালু করেছে BSNL।






