ঘরের সিলিং ফ্যান নিয়ে অনেকেরই অভিযোগ, কয়েকদিন পরেই ব্লেডে ধুলো-ময়লা জমে যায়। ফলে পরিষ্কার করাও যেমন ঝামেলার, তেমনই নোংরা ফ্যান ঘরের সৌন্দর্যও নষ্ট করে। আবার সাধারণ সিলিং ফ্যানের ব্লেড ঘরের ছাদের বেশ কিছুটা জায়গা দখল করে। এই সমস্যার বিকল্প হিসেবে বাজারে জনপ্রিয় হচ্ছে ব্লেডলেস সিলিং ফ্যান।
নাম শুনে মনে হতে পারে, এই ফ্যানে আদৌ কোনও ব্লেড থাকে না। বাস্তবে বিষয়টি একটু আলাদা। বাইরে থেকে ব্লেড দেখা যায় না বলেই এগুলিকে ব্লেডলেস ফ্যান বলা হয়। ভিতরে থাকা ইমপেলার বা টারবাইনের সাহায্যে বাতাস টেনে নিয়ে সেটিকে একটি নির্দিষ্ট আউটলেট দিয়ে বাইরে বের করে দেওয়া হয়।
দেখতে আধুনিক, জায়গাও কম লাগে
ব্লেডলেস ফ্যানের অন্যতম আকর্ষণ এর নকশা। সাধারণ ফ্যানের তুলনায় এগুলি অনেক বেশি কমপ্যাক্ট এবং সিলিংয়ের সঙ্গে প্রায় মিশে থাকে। ফলে ঘরের ছাদে অতিরিক্ত জায়গা দখল করে না। আধুনিক ইন্টেরিয়রের সঙ্গে মানানসই ডিজাইনের কারণেও অনেকের পছন্দের তালিকায় জায়গা করে নিচ্ছে এই ধরনের ফ্যান।
শিশু ও পোষ্য থাকলে নিরাপত্তার সুবিধা
সাধারণ ফ্যানের ঘূর্ণায়মান ব্লেড নিয়ে শিশু বা পোষ্য থাকা বাড়িতে কিছুটা ঝুঁকি থেকেই যায়। ব্লেডলেস ফ্যানে বাইরে কোনও ঘূর্ণায়মান ব্লেড থাকে না। ফলে দুর্ঘটনার আশঙ্কা তুলনামূলক ভাবে কম হতে পারে।
পরিষ্কার করাও তুলনামূলক সহজ
সাধারণ সিলিং ফ্যানের ব্লেডে নিয়মিত ধুলো জমে। ব্লেডলেস মডেলে বাইরে সেই ধরনের পাখা না থাকায় ধুলো পরিষ্কার করার ঝামেলা কম হতে পারে। ফলে যাঁরা নিয়মিত ফ্যান পরিষ্কার করতে চান না, তাঁদের কাছেও এটি সুবিধাজনক বিকল্প।
ব্লেড না থাকলে হাওয়া আসে কীভাবে?
এটাই ব্লেডলেস ফ্যান নিয়ে সবচেয়ে স্বাভাবিক প্রশ্ন। আসলে ফ্যানের ভিতরে থাকা মোটর একটি ইমপেলার বা টারবাইন ঘোরায়। সেটি ঘরের বাতাস টেনে নিয়ে নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে বাইরে বের করে দেয়। ফলে বাইরে কোনও ব্লেড না ঘুরলেও ঘরে বাতাসের প্রবাহ তৈরি হয়।
এই প্রযুক্তিতে অনেক ক্ষেত্রে ‘কোয়ান্ডা ইফেক্ট’ ব্যবহার করা হয়। সহজ ভাবে বললে, বাতাস কোনও নির্দিষ্ট পৃষ্ঠের কাছাকাছি প্রবাহিত হলে সেই পৃষ্ঠের দিক অনুসরণ করে এগিয়ে যেতে পারে। এই নীতিকে কাজে লাগিয়ে বাতাসকে নির্দিষ্ট দিকে প্রবাহিত করার চেষ্টা করা হয়।
এছাড়া বর্তমানে কিছু ব্লেডলেস ফ্যানে রিমোট কন্ট্রোল, স্মার্ট হোম কানেক্টিভিটি এবং বাতাসের প্রবাহ নিয়ন্ত্রণের মতো অতিরিক্ত ফিচারও দেখা যাচ্ছে।
বাড়ছে বাজার
ব্লেডলেস ফ্যান নিয়ে ক্রেতাদের আগ্রহ বাড়ায় এই পণ্যের বাজারও সম্প্রসারিত হচ্ছে। Research and Markets-এর একটি রিপোর্ট অনুযায়ী, ২০২৩ থেকে ২০২৮ সালের মধ্যে বিশ্ব বাজারে ব্লেডলেস ফ্যানের চাহিদা বছরে গড়ে ৬ শতাংশেরও বেশি হারে বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল।
তবে ব্লেডলেস ফ্যান মানেই সব দিক থেকে সাধারণ ফ্যানের চেয়ে ভালো, এমনটা ধরে নেওয়া ঠিক নয়। কেনার আগে ঘরের আয়তন, কুলিংয়ের প্রয়োজন, বিদ্যুৎ খরচ, শব্দের মাত্রা, ইনস্টলেশনের ধরন এবং রক্ষণাবেক্ষণের বিষয়গুলি দেখে মডেল বেছে নেওয়া উচিত।







