বিধানসভা ভোটে প্রার্থী ঘোষণা, বিজেপি-বামফ্রন্টের তালিকায় চমকের ঝড়

On: Monday, March 16, 2026 7:04 PM
---Advertisement---

আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থী তালিকা ঘোষণা শুরু করেছে বড় রাজনৈতিক দলগুলি। ইতিমধ্যেই প্রার্থী তালিকা প্রকাশ করেছে ভারতীয় জনতা পার্টি (BJP) এবং বাম ফ্রন্ট (Left Front)-এর। কোথাও অভিজ্ঞ নেতাদের সামনে এনে, আবার কোথাও নতুন মুখকে সুযোগ দিয়ে দুই শিবিরই নির্বাচনী লড়াইয়ের শুরুতেই কৌশলগত চমক দিতে চেয়েছে।

বিজেপির প্রথম তালিকায় বড় চমক
বিজেপি প্রথম দফায় ১৪৪টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এই তালিকায় রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ আসনে পরিচিত ও প্রভাবশালী নেতাদের প্রার্থী করা হয়েছে।

সবচেয়ে বড় রাজনৈতিক বার্তা এসেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-কে ঘিরে। তাঁকে একসঙ্গে দুটি গুরুত্বপূর্ণ আসন— ভবানীপুর এবং নন্দীগ্রাম থেকে প্রার্থী করেছে বিজেপি। ভবানীপুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ফলে এই আসনে শুভেন্দুকে দাঁড় করানোকে সরাসরি রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবেই দেখছে পর্যবেক্ষকরা।

এছাড়াও বিজেপির তালিকায় বেশ কিছু উল্লেখযোগ্য নাম রয়েছে। যেমন— দিলীপ ঘোষ (Dilip Ghosh) খড়গপুর সদর, অগ্নিমিত্র পল (Agnimitra Paul) আসানসোল দক্ষিণ, শঙ্কর ঘোষ (Shankar Ghosh) শিলিগুড়ি, স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta) রাশবিহারী কেন্দ্রে প্রার্থী।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজেপি এবার সংগঠন ও পরিচিত মুখ— দুই কৌশলই ব্যবহার করছে। অনেক বর্তমান বিধায়ককেও পুনরায় টিকিট দেওয়া হয়েছে, যাতে সংগঠনের ভিত শক্ত থাকে।

বামফ্রন্টের তালিকায় নতুন মুখের গুরুত্ব
অন্যদিকে, বিমান বসু (Biman Basu)-এর নেতৃত্বে বামফ্রন্টও প্রার্থী তালিকা ঘোষণা করেছে। বামফ্রন্টের শরিক দলগুলির মোট প্রায় ১৯২টি আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। এই তালিকায়ও বেশ কিছু কৌশলগত সিদ্ধান্ত নজর কেড়েছে। বিশেষ করে তরুণ নেতৃত্বকে সামনে আনার চেষ্টা করেছে বাম শিবির।

সবচেয়ে আলোচিত সিদ্ধান্তগুলির একটি হল যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)-কে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা। বাম রাজনীতির তরুণ মুখ হিসেবে পরিচিত মীনাক্ষীকে তুলনামূলক সম্ভাবনাময় আসনে দাঁড় করিয়ে সংগঠনকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে সিপিআই(এম)।

বাম নেতৃত্বের বক্তব্য, নতুন প্রজন্মের কর্মী ও নেতৃত্বকে সামনে এনে দীর্ঘদিনের রাজনৈতিক স্থবিরতা কাটিয়ে ওঠাই এবার প্রধান লক্ষ্য।

রাজনৈতিক বার্তা
দুই দলের তালিকা থেকেই স্পষ্ট যে, এই নির্বাচনে প্রতীকী লড়াই এবং রাজনৈতিক বার্তা দুইই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বিজেপি বড় বড় মুখকে গুরুত্বপূর্ণ আসনে দাঁড় করিয়ে সরাসরি ক্ষমতাসীন শিবিরকে চ্যালেঞ্জ জানাতে চাইছে। অন্যদিকে বামফ্রন্ট নতুন নেতৃত্বকে সামনে এনে সংগঠন পুনর্গঠনের চেষ্টা করছে।

২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনে ভোটগ্রহণ হবে। রবিবার ভোটের দিনক্ষণ ঘোষণার পরদিনই প্রার্থী তালিকা ঘোষণা দেখে বোঝায় যাচ্ছে রাজ্যের রাজনৈতিক লড়াই কার্যত তুঙ্গে উঠেছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now