Dev-Subhashree: ২৯ জানুয়ারি বৃহস্পতিবার দিনটি বাংলার বিনোদন জগতে হয়ে রইল এক স্মরণীয় রেড লেটার ডে। নিউটাউনের সমস্ত রাস্তা মিলল এক মেগা উৎসবের ঠিকানায়। স্ট্রেটলাইন ওয়ার্ল্ডওয়াইডের যৌথ উদ্যোগে শুরু হয়ে গেল বহু প্রতীক্ষিত মেগা অ্যাওয়ার্ড শো।
এটি শুধুমাত্র একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান নয়। বাংলা চলচ্চিত্র টেলিভিশন ওটিটি এবং ডিজিটাল দুনিয়ার সেরা সৃষ্টিশীল কাজগুলিকে সম্মান জানানোর এক অনন্য মঞ্চ। নিউটাউনের দ্য ওয়েস্টিন রাজারহাট যেন এদিন রূপ নিয়েছিল এক টুকরো টিনসেল টাউনে। রঙিন রেজিস্ট্রেশন ডেস্ক রেড কার্পেট এবং প্রতীকী রেট্রো ভিনটেজ প্রজেক্টরের সাজে উৎসবের আবহ।
মোট চব্বিশটি বিভাগে দেওয়া হচ্ছে এই সম্মান। পর্দার সামনের তারকাদের পাশাপাশি ক্যামেরার পিছনের কারিগর পরিচালক ও টেকনিশিয়ানদের কাজের গভীর বিশ্লেষণের ভিত্তিতেই বেছে নেওয়া হয়েছে সেরাদের। দীর্ঘ কর্মজীবনের স্বীকৃতি হিসেবে একজন কিংবদন্তিকে দেওয়া হচ্ছে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড।
এই মেগা শো সঞ্চালনার দায়িত্বে রয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং মডেল অভিনেত্রী সৌরসেনী মৈত্র। দুপুর থেকেই শুরু হয়েছিল তাঁদের রিহার্সাল। মঞ্চে ঝলমলে উপস্থাপনার জন্য সম্পূর্ণ প্রস্তুত তাঁরা।
এবারের আসরে বড় চমক সেরা অভিনেতা অভিনেত্রী এবং সেরা ছবির পুরস্কার। সেরা অভিনেতা পুরুষ বিভাগে বড়পর্দায় সেরা অভিনেতার শিরোপা জিতলেন দেব প্রজাপতি টু ছবির জন্য। সেরা অভিনেত্রী চলচ্চিত্র বিভাগে পুরস্কৃত হলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় গৃহপ্রবেশ ছবির জন্য। একই বিভাগে স্বীকৃতি পেলেন কোয়েল মল্লিক স্বার্থপর ছবির জন্য।
সেরা ছবির শিরোপা জিতে নিল দুটি ছবি অঙ্ক কি কঠিন এবং দ্য একেন বেনারসে বিভীষিকা। দুটি ছবিই সমালোচক এবং দর্শক উভয়ের কাছেই প্রশংসিত হয়েছে। বিনোদনে সেরা ২৪ কেবল পুরস্কার নয়। এটি এমন এক উদযাপন যেখানে বাংলা গল্প বলার ভাষা নতুন করে সংজ্ঞায়িত হয়। চলচ্চিত্র ওটিটি টেলিভিশন সঙ্গীত এবং ডিজিটাল কন্টেন্টের জগতে যাঁরা নিরলস সৃজনশীলতার মাধ্যমে নতুন পথ দেখাচ্ছেন এই মঞ্চ তাঁদের সেই শ্রেষ্ঠত্বকেই কুর্নিশ জানায়।
এই জমকালো অনুষ্ঠানটি চিত্রায়িত হচ্ছে ২৯ জানুয়ারি দু হাজার ছাব্বিশ কলকাতার দ্য ওয়েস্টিন রাজারহাটে। আগামী ৮ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটায় জি ২৪ ঘণ্টা চ্যানেলে সম্প্রচারিত হবে এই মেগা অ্যাওয়ার্ড শো।








