স্মার্টফোনের বাজারে যখন চিনা ব্র্যান্ডগুলোর রমরমা, তখন দীর্ঘদিনের এক অলিখিত প্রথা ভাঙতে চলেছে অ্যাপল এবং স্যামসাং। এতদিন চিনা সংস্থাগুলি সিলিকন কার্বন প্রযুক্তি ব্যবহার করে স্লিম ফোনের ভেতরেও শক্তিশালী ব্যাটারি দিচ্ছিল, যা থেকে মুখ ফিরিয়ে রেখেছিল মার্কিন ও দক্ষিণ কোরীয় এই দুই টেক জায়ান্ট। কিন্তু এবার প্রেক্ষাপট বদলাচ্ছে। ২০২৭ সাল নাগাদ ব্যাটারি প্রযুক্তিতে এক বৈপ্লবিক পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
বাজারের বর্তমান চিত্রে দেখা যায়, শাওমি বা ভিভোর মতো চিনা সংস্থাগুলি ওজনে হালকা অথচ দীর্ঘক্ষণ চার্জ থাকে এমন ফোন তৈরি করে গ্রাহকদের মন জয় করেছে। তারা ব্যাটারিতে সিলিকন কার্বন ব্যবহার করলেও অ্যাপল বা স্যামসাং সেই পথে হাঁটেনি। এর প্রধান কারণ ছিল সুরক্ষা এবং সিলিকন কার্বন প্রযুক্তির কিছু প্রযুক্তিগত ঝুঁকি। কিন্তু এই দূরত্ব সম্ভবত ঘুচতে চলেছে ‘সলিড স্টেট’ ব্যাটারির হাত ধরে।
অ্যাপলের ব্যাটারি সরবরাহকারী সংস্থা টিডিকে সম্প্রতি নতুন এক অভাবনীয় প্রযুক্তি উদ্ভাবন করেছে। মার্কিন সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, এই প্রযুক্তির সাহায্যেই তৈরি হবে সলিড স্টেট ব্যাটারি। সিলিকন কার্বনের তুলনায় এটি অনেক বেশি নিরাপদ এবং এর চার্জ ধরে রাখার ক্ষমতাও বহুগুণ বেশি।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ২০২৭ সালের মাঝামাঝি সময়ে এই বিশেষ ব্যাটারিযুক্ত আইফোন বাজারে আসতে পারে। পিছিয়ে নেই স্যামসাংও। তারাও তাদের প্রিমিয়াম স্মার্টফোনগুলোতে একই ধরনের সলিড স্টেট ব্যাটারি ব্যবহারের তোড়জোড় শুরু করেছে বলে খবর।
যদি এই পরিকল্পনা বাস্তবায়িত হয়, তবে স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাই বদলে যাবে। ফোনের আকার না বাড়িয়েই মিলবে দীর্ঘস্থায়ী পাওয়ার ব্যাকআপ। এখন দেখার, এই নতুন ব্যাটারি যুদ্ধে অ্যাপল এবং স্যামসাং চিনা ব্র্যান্ডগুলোকে কতটা টেক্কা দিতে পারে।





