ভারতের দ্রুত বর্ধনশীল কুইক কমার্স বাজারে নিজেদের অবস্থান আরও মজবুত করতে বড় পদক্ষেপ নিল Amazon। সংস্থাটি ঘোষণা করেছে, তাদের ‘Amazon Now’ পরিষেবা এবার দেশের ১০০টি শহরে সম্প্রসারিত করা হবে। এই তালিকায় রয়েছে Kolkata, Hyderabad, Chennai, Pune-সহ একাধিক গুরুত্বপূর্ণ শহর।
এই সম্প্রসারণের জন্য অ্যামাজন তাদের লজিস্টিকস ও ডেলিভারি পরিকাঠামোয় বড়সড় বিনিয়োগের কথাও জানিয়েছে। সংস্থার তরফে বলা হয়েছে, ১,০০০-এর বেশি মাইক্রো-ফুলফিলমেন্ট সেন্টার তৈরি বা সম্প্রসারণ করা হবে এবং কর্মীদের নিরাপত্তা, স্বাস্থ্য ও আর্থিক সুরক্ষায় মোট ২,৮০০ কোটি টাকারও বেশি বিনিয়োগ করা হবে।
বর্তমানে ‘Amazon Now’ পরিষেবা সীমিত আকারে Bengaluru, Delhi NCR এবং Mumbai-তে চালু রয়েছে। নতুন ঘোষণার ফলে পরিষেবাটি দ্রুতই দ্বিতীয় সারির শহরগুলিতেও পৌঁছে যাবে। এর ফলে দেশের কুইক কমার্স প্রতিযোগিতায় নতুন করে চাপ বাড়বে, বিশেষত Blinkit, Zepto এবং Swiggy Instamart-এর মতো সংস্থাগুলোর উপর।
অ্যামাজন ইন্ডিয়ার এভরিডে এসেনশিয়ালস বিভাগের ভাইস প্রেসিডেন্ট Harsh Goyal বলেন, “গ্রাহকরা আমাদের ডেলিভারির গতি, মূল্য এবং পণ্যের বৈচিত্র্যের জন্য Amazon Now পরিষেবাকে গ্রহণ করেছেন। বিশেষ করে কৃষকদের কাছ থেকে সরাসরি সংগ্রহ করা তাজা পণ্যের গুণমান নিয়ে ইতিবাচক সাড়া মিলেছে। এই অভিজ্ঞতার উপর ভিত্তি করেই আমরা পরিষেবার বিস্তার আরও দ্রুত করার সিদ্ধান্ত নিয়েছি।”
সংস্থার দাবি, এই সম্প্রসারণের ফলে তাদের সাপ্লাই চেইনের মাধ্যমে ১৬,০০০-এর বেশি কৃষক সরাসরি ক্রেতাদের সঙ্গে যুক্ত হতে পারবেন। এতে একদিকে যেমন কৃষকদের বাজারে পৌঁছনোর সুযোগ বাড়বে, তেমনই গ্রাহকেরাও দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় পণ্য পেয়ে যাবেন।
উল্লেখ্য, ২০২৫ সালে ভারতে কুইক কমার্স বাজারে প্রবেশ করে ‘Amazon Now’। প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে চালু হলেও গত এক বছরে পরিষেবাটি দ্রুত জনপ্রিয়তা পেতে শুরু করে। সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, প্রথমদিকের বাজারগুলিতে দৈনিক অর্ডারের সংখ্যা মাসে প্রায় ২৫ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছিল এবং প্রাইম গ্রাহকদের কেনাকাটার হার তিনগুণ পর্যন্ত বেড়েছিল।
এই মুহূর্তে মুদিপণ্য থেকে শুরু করে তাজা ফল-সবজি, হিমায়িত খাবার, ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী, এমনকি পোষ্য প্রাণীর জিনিসপত্র—সবই মিনিটের মধ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই এগোচ্ছে অ্যামাজনের এই পরিষেবা। বাজারে প্রতিযোগিতা যতই বাড়ুক, ‘Amazon Now’-এর এই সম্প্রসারণ স্পষ্ট করে দিচ্ছে—ভারতের কুইক কমার্স দৌড়ে নিজেদের জায়গা পাকা করতেই বড় বাজি ধরেছে সংস্থাটি।







