ভারতে ৭ সিটার গাড়ির চাহিদা ক্রমশ বাড়ছে। বিশেষ করে বড় পরিবার বা দীর্ঘ সফরের জন্য এমন গাড়ির খোঁজ করেন অনেকেই। কিন্তু বাজেট সীমিত থাকলে পছন্দের তালিকা ছোট হয়ে আসে। বর্তমানে বাজারে এমন কয়েকটি মডেল রয়েছে, যেগুলি তুলনামূলক কম দামে সাত জনের বসার সুবিধার পাশাপাশি ভালো মাইলেজ ও প্রয়োজনীয় ফিচারও দিচ্ছে।
এই তালিকায় নতুন সংযোজন হল Nissan Gravite। চলতি বছরে ভারতে লঞ্চ হওয়া এই এমপিভির প্রারম্ভিক এক্স-শোরুম মূল্য প্রায় ৫.৬৫ লক্ষ টাকা। ১.০ লিটার পেট্রোল ইঞ্জিন, ৬টি এয়ারব্যাগ, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল এবং হিল স্টার্ট অ্যাসিস্টের মতো নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে এতে। ম্যানুয়াল ও AMT— দুই ধরনের ট্রান্সমিশনের বিকল্পও পাওয়া যায়। সংস্থার দাবি, মাইলেজ প্রায় ১৯ কিলোমিটার প্রতি লিটার।
কম বাজেটের ৭ সিটার গাড়ির প্রসঙ্গ উঠলেই আসে Renault Triber-এর নাম। মডিউলার সিটিং ব্যবস্থার কারণে এই গাড়িটি আলাদা জনপ্রিয়তা পেয়েছে। প্রয়োজনে তৃতীয় সারির সিট সরিয়ে বড় বুট স্পেস তৈরি করা যায়। ১.০ লিটার পেট্রোল ইঞ্জিনের সঙ্গে দৈনন্দিন ব্যবহারের উপযোগী ফিচার এবং ৭ জনের বসার ব্যবস্থা রয়েছে। দাম শুরু প্রায় ৫.৮ লক্ষ টাকা থেকে।
যাঁদের প্রয়োজন শক্তপোক্ত ও দীর্ঘস্থায়ী গাড়ি, তাঁদের পছন্দের তালিকায় এখনও উপরের দিকে রয়েছে Mahindra Bolero। গ্রামীণ ও দুর্গম রাস্তার কথা মাথায় রেখে তৈরি এই SUV-তে রয়েছে ১.৫ লিটার ডিজেল ইঞ্জিন। আধুনিক গ্যাজেটের বাহুল্য না থাকলেও নির্ভরযোগ্যতা, কম রক্ষণাবেক্ষণ খরচ এবং দীর্ঘমেয়াদি ব্যবহারের জন্য এখনও জনপ্রিয় বলেরো। এর প্রারম্ভিক মূল্য প্রায় ৮ লক্ষ টাকার কাছাকাছি।
অন্যদিকে কিছুটা বেশি বাজেট থাকলে নজর দেওয়া যেতে পারে Maruti Suzuki Ertiga-র দিকে। দেশের অন্যতম জনপ্রিয় ৭ সিটার এমপিভি এটি। ১.৫ লিটার স্মার্ট হাইব্রিড পেট্রোল ইঞ্জিন, প্রশস্ত কেবিন, আরামদায়ক রাইড এবং ভালো রিসেল ভ্যালুর জন্য এর চাহিদা দীর্ঘদিনের। এর এক্স-শোরুম দাম শুরু হয় প্রায় ৮.৮ লক্ষ টাকা থেকে।
বাজেট, ব্যবহারের ধরন এবং প্রয়োজন অনুযায়ী এই চারটি গাড়ির মধ্যে যে কোনও একটি বেছে নিতে পারেন ক্রেতারা। কম খরচে নতুন ৭ সিটার খুঁজলে Gravite ও Triber এগিয়ে থাকলেও, শক্তপোক্ত SUV চাইলে Bolero এবং আরও প্রিমিয়াম পারিবারিক অভিজ্ঞতার জন্য Ertiga এখনও অন্যতম ভরসার নাম।






