দেশের কোটি কোটি ব্যাঙ্ক গ্রাহকদের জন্য বড় স্বস্তির খবর সামনে এল।
Savings Account: সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, দেশের প্রায় ৭২ কোটি বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না রাখলেও আর কোনও জরিমানা দিতে হবে না।
এই নিয়মের আওতায় রয়েছে প্রধানমন্ত্রীর জন ধন যোজনা-র অধীনে খোলা অ্যাকাউন্টগুলিও। সরকারের লক্ষ্য হল দেশের সাধারণ মানুষের কাছে ব্যাঙ্কিং পরিষেবাকে আরও সহজ ও সাশ্রয়ী করে তোলা।
অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২-২৩ থেকে ২০২৪-২৫ অর্থবছরের মধ্যে সরকারি ব্যাঙ্কগুলি ন্যূনতম ব্যালেন্স না রাখার জন্য গ্রাহকদের কাছ থেকে মোট ৮০৯২.৮৩ কোটি টাকা জরিমানা আদায় করেছে।
তবে সরকারের দাবি, এই পরিমাণ অর্থ সরকারি ব্যাঙ্কগুলির মোট আয়ের তুলনায় খুবই কম। ওই সময়ে সরকারি ব্যাঙ্কগুলির মোট আয়ের মাত্র ০.২৩ শতাংশ এসেছে এই ধরনের চার্জ থেকে।
গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে ইতিমধ্যেই বেশ কয়েকটি সরকারি ব্যাঙ্ক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালের মার্চ মাসে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না রাখার জন্য জরিমানা তুলে দিয়েছিল।
এছাড়াও ২০২৫ সালের মধ্যে আরও নয়টি সরকারি ব্যাঙ্ক একই পথে হাঁটেছে বলে জানানো হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তের ফলে দেশের বহু সাধারণ গ্রাহক বিশেষভাবে উপকৃত হবেন এবং ব্যাঙ্কিং পরিষেবা আরও অন্তর্ভুক্তিমূলক হয়ে উঠবে।






