অনলাইন ব্যাঙ্কিং যত জনপ্রিয় হচ্ছে, ততই বাড়ছে সাইবার প্রতারণার ঝুঁকি। প্রতারকদের অন্যতম পরিচিত কৌশল হল মোবাইলে ভুয়ো লিঙ্ক পাঠানো। অসতর্ক হয়ে সেই লিঙ্কে ক্লিক করলেই ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে মুহূর্তের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা উধাও করে দেয় সাইবার অপরাধীরা।
এই ধরনের প্রতারণা ঠেকাতে ব্যাঙ্ক এবং পুলিশ দীর্ঘদিন ধরেই সচেতনতামূলক প্রচার চালিয়ে আসছে। তবুও প্রতারণার ঘটনা পুরোপুরি কমেনি। অনেক গ্রাহকেরই অভিযোগ, ব্যাঙ্কও বিভিন্ন পরিষেবা বা আপডেটের জন্য এসএমএস কিংবা ই-মেলে লিঙ্ক পাঠায়। ফলে কোনটি আসল আর কোনটি ভুয়ো, তা বোঝা অনেক সময় কঠিন হয়ে পড়ে।
এই সমস্যার সমাধানেই নতুন উদ্যোগ নিয়েছে কেন্দ্র। সরকার জানিয়েছে, এখন থেকে দেশের সব লাইসেন্সপ্রাপ্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে নির্দিষ্ট একটি ডোমেন কাঠামো অনুসরণ করা হবে। সংশ্লিষ্ট ব্যাঙ্কের নামের পরে থাকবে .bank.in। এই ডোমেন শুধুমাত্র অনুমোদিত ব্যাঙ্কগুলিই ব্যবহার করতে পারবে।
উদাহরণ হিসেবে বলা যায়, যদি স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট হয়, তাহলে তার ঠিকানায় ব্যাঙ্কের নামের সঙ্গে .bank.in ডোমেন থাকবে। ফলে কোনও লিঙ্কে এই ডোমেন না থাকলে সেটি নিয়ে সতর্ক হওয়া উচিত।
বিশেষজ্ঞদের মতে, এই নতুন ব্যবস্থা চালু হলে ভুয়ো ওয়েবসাইট চিহ্নিত করা অনেক সহজ হবে। একইসঙ্গে ফিশিং লিঙ্কে প্রতারিত হওয়ার সম্ভাবনাও কমবে। তবে শুধু নতুন ডোমেনের ওপর নির্ভর না করে অচেনা নম্বর বা সন্দেহজনক বার্তায় থাকা কোনও লিঙ্কে ক্লিক না করার পরামর্শও দিচ্ছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।
অনলাইনে ব্যাঙ্কিং পরিষেবা ব্যবহার করার সময় সামান্য সতর্কতাই বড় ধরনের আর্থিক ক্ষতি থেকে রক্ষা করতে পারে। তাই কোনও ওয়েবসাইটে প্রবেশের আগে তার ঠিকানা ভালোভাবে যাচাই করে নেওয়াই সবচেয়ে নিরাপদ উপায়।






