চুপিসারে কি বিয়ে সেরে ফেললেন জনপ্রিয় র্যাপার বাদশা? সোশ্যাল মিডিয়ায় হঠাৎই ভাইরাল হয়ে উঠেছে তাঁর বিয়ের ছবি ও ভিডিও, আর তাতেই শুরু হয়েছে জোর জল্পনা।
কয়েক বছর ধরেই পাঞ্জাবি মডেল ও অভিনেত্রী ইশা রিখির সঙ্গে তাঁর সম্পর্কের খবর শোনা যাচ্ছিল। এবার সেই সম্পর্কই নাকি নতুন মোড় নিয়েছে।

মঙ্গলবার ইশা রিখির মা পুনম রিখি সামাজিক মাধ্যমে কিছু ছবি ও ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যায়, বর-কনের সাজে বাদশা ও ইশা বিয়ের রীতিনীতি পালন করছেন।
ভিডিওতে বাদশার পরনে ছিল বাদামী কুর্তা এবং সোনালি পাগড়ি। অন্যদিকে ইশা লাল সালোয়ার স্যুটে সেজে উঠেছিলেন, হাতে সোনালি চুড়ি এবং গলায় বরমালা—সব মিলিয়ে একেবারে বিয়ের আবহ।
তবে এই বিয়ে কবে হয়েছে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ইন্ডাস্ট্রির একাংশের মতে, বেশ কিছুদিন আগেই নাকি গোপনে বিয়ে সেরে ফেলেছেন তাঁরা। সম্প্রতি যে ছবি প্রকাশ্যে এসেছে, তা নাকি পুরনো।
ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে একেবারে ব্যক্তিগত পরিসরেই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও এখনও পর্যন্ত বাদশা বা ইশা কেউই এই বিয়ে নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি।
২০২০ সালে প্রথম স্ত্রী জেসেমি গ্রেস ম্যাসি সিংয়ের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই বাদশার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা চলছিল। সেই সময় থেকেই ইশার সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন ছড়ায়।
জানা যায়, এক বন্ধুর পার্টিতে প্রথম আলাপ হয়েছিল তাঁদের। সেখান থেকেই ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে এবং শুরু হয় প্রেম।
অন্যদিকে, ইশা রিখিও পাঞ্জাবি ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। ২০১৩ সালে অভিনয় জগতে পা রাখেন তিনি এবং পরবর্তীতে বলিউডেও কাজ করেছেন।
এখন সকলের নজর একটাই—এই বিয়ের বিষয়ে কবে মুখ খুলবেন বাদশা ও ইশা। তার আগেই ভাইরাল ছবিই যেন বলে দিচ্ছে, সম্পর্কের নতুন অধ্যায় শুরু হয়ে গিয়েছে।






