সস্তায় আনলিমিটেড ইন্টারনেট ব্যবহারের সুবিধা হয়তো আর বেশিদিন মিলবে না। ৫জি পরিষেবায় বড় পরিবর্তনের পথে হাঁটতে পারে দেশের প্রধান টেলিকম সংস্থাগুলি। জিয়ো ও এয়ারটেলের মতো মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা আগামী দিনে প্রিমিয়াম ৫জি প্ল্যান আনতে পারে বলে জোর জল্পনা শুরু হয়েছে। আর তার জেরেই বাড়তে পারে রিচার্জের খরচ।
ভারতে ৫জি পরিষেবা চালু হওয়ার পর থেকেই দ্রুত গতির ইন্টারনেট ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়েছেন বহু মানুষ। গ্রাহক টানতে প্রথম দিকে আনলিমিটেড ডেটা ব্যবহারের সুবিধা দিয়েছিল টেলিকম সংস্থাগুলি। ফলে অল্প খরচে দীর্ঘ সময় ধরে হাই-স্পিড ইন্টারনেট ব্যবহার করতে পারছিলেন গ্রাহকেরা। অনেকেই ৪জি থেকে সরাসরি ৫জি নেটওয়ার্কে চলে যান।
কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই পরিষেবার খরচ এবং ব্যবসায়িক চাপ বেড়েছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সূত্রের খবর, ভবিষ্যতে আনলিমিটেড ৫জি ডেটার সুবিধা পুরোপুরি তুলে দেওয়া হতে পারে। তার বদলে বিশেষ প্রিমিয়াম প্ল্যান চালু করার ভাবনা রয়েছে সংস্থাগুলির।
প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশের মতে, নতুন প্ল্যানে আরও দ্রুত ইন্টারনেট পরিষেবা দেওয়া হতে পারে। তবে সেই সুবিধা পেতে গ্রাহকদের অতিরিক্ত খরচ করতে হবে। ফলে সাধারণ ব্যবহারকারীদের উপর চাপ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এদিকে দেশের বহু জায়গায় এখনও স্থিতিশীল ৪জি পরিষেবাই মেলে না বলে অভিযোগ। তাই অনেকেই মনে করছেন, ৫জি-র খরচ বাড়ানোর আগে ৪জি পরিষেবার মান উন্নত করা জরুরি। বিশেষ করে শহরের বাইরে এখনও নেটওয়ার্ক সমস্যায় ভুগছেন বহু গ্রাহক।
তার উপর আন্তর্জাতিক পরিস্থিতির জেরে জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে বাজারে। পেট্রল-ডিজেল ও সিএনজির দাম বাড়ায় নিত্যপ্রয়োজনীয় জিনিসের খরচও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই অবস্থায় মোবাইল রিচার্জেও বাড়তি চাপ পড়লে সাধারণ মানুষের দৈনন্দিন খরচ আরও বাড়বে বলেই মনে করছেন অনেকে।






