অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর আকস্মিক মৃত্যুর এক মাস কেটে গিয়েছে। কিন্তু তদন্ত এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। টলিউড মহল থেকে সাধারণ মানুষের একটাই প্রশ্ন—এই মৃত্যু কি নিছক দুর্ঘটনা, না কি এর পিছনে অন্য কোনও কারণ লুকিয়ে রয়েছে?
তদন্ত সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের অভিনেত্রী শ্বেতা মিশ্র-কে জিজ্ঞাসাবাদ করেছে ওড়িশার তালসারি থানা পুলিশ। ঘটনার সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলেই তাঁর বয়ানকে গুরুত্বপূর্ণ মনে করছে তদন্তকারী দল।
এই প্রসঙ্গে তদন্তকারী অফিসার শ্রবণ মহাপাত্র বলেন, “তালসারি থানায় শ্বেতা মিশ্রের বয়ান রেকর্ড করা হয়েছে। কারণ, রাহুলের আকস্মিক মৃত্যুর সময় একমাত্র শ্বেতা সেখানে উপস্থিত ছিলেন। তবে শুধু তিনি নন, ধারাবাহিকের প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর কিছু কর্মীকেও আমরা ডেকে জিজ্ঞাসাবাদ করেছি। জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠানো হয়েছিল সংস্থার দুই কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায়কেও। তাঁদের বয়ানও রেকর্ড করা হয়েছে এবং তদন্তে তাঁরা সহযোগিতা করছেন।”
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলা হয়েছে। তবে ওই সময় উপস্থিত না থাকায় ধারাবাহিকের অন্যান্য অভিনেতাদের এখনও জিজ্ঞাসাবাদের প্রয়োজন পড়েনি।
ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে, রাহুলের শরীরে—বিশেষত ফুসফুস ও পাকস্থলীতে—উল্লেখযোগ্য পরিমাণে সমুদ্রের জল ও বালি পাওয়া গিয়েছে। দীর্ঘ সময় জলে ডুবে থাকার ফলেই মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। যদিও এই পর্যায়ে মৃত্যুকে দুর্ঘটনা বলে ঘোষণা করতে রাজি নয় পুলিশ।
তদন্তকারী অফিসারের কথায়, “এখনই এ বিষয়ে কোনও কথা বলা যাবে না। তদন্ত চলছে। আরও মাসখানেক বা মাস দুয়েক সময় লাগতে পারে। তদন্তপ্রক্রিয়া শেষ হলেই আদালতে চার্জশিট জমা পড়বে।”
এখনও পর্যন্ত কারও বিরুদ্ধে সরাসরি বা পরোক্ষভাবে জড়িত থাকার প্রমাণ মেলেনি বলেই গ্রেফতার হয়নি কেউ। তবে তদন্তের একটি গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠতে পারে ভিসেরা রিপোর্ট। সেখানে শরীরে অন্য কোনও উপাদানের উপস্থিতি ছিল কি না, তা স্পষ্ট হবে বলে মনে করছেন তদন্তকারীরা।
উল্লেখ্য, এই মৃত্যুকে কেন্দ্র করে কলকাতা-তেও অভিযোগ দায়ের করেছে শিল্পী সংগঠন। প্রয়োজনে তদন্তের স্বার্থে রাজ্যেও আসতে পারেন তালসারির পুলিশ আধিকারিকরা বলেই ইঙ্গিত মিলেছে।
সব মিলিয়ে, এক মাস পরও প্রশ্নের উত্তর মেলেনি। রাহুলের মৃত্যু ঘিরে রহস্য কাটবে কবে—সেই দিকেই তাকিয়ে টলিউড এবং তাঁর অনুরাগীরা।








