জুন মাস থেকে অন্নপূর্ণা যোজনার আওতায় মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তার টাকা পাঠানো শুরু করেছে রাজ্য সরকার। জুলাই মাসেও এক কোটির বেশি উপভোক্তার অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা পৌঁছেছে। এবার নজর আগস্ট মাসের তৃতীয় কিস্তির দিকে। তবে সকল আবেদনকারী এই টাকা পাবেন না বলেই স্পষ্ট করেছে প্রশাসন।
সরকারি সূত্রের দাবি, শুধুমাত্র যাঁদের আবেদন ও নথি যাচাইয়ে কোনও অসঙ্গতি পাওয়া যাবে না, তাঁরাই তৃতীয় কিস্তির ৩ হাজার টাকা পাবেন। বর্তমানে রাজ্যজুড়ে আবেদনকারীদের নথি যাচাইয়ের কাজ চলছে। অঙ্গনওয়াড়ি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য মিলিয়ে দেখছেন। বিশেষ করে যাঁদের আবেদন এখনও অনুমোদিত হয়নি বা যাঁরা এখনও পর্যন্ত কোনও কিস্তির টাকা পাননি, তাঁদের নথি নতুন করে পরীক্ষা করা হচ্ছে।
প্রশাসনের দাবি, যাঁদের আবেদন স্ট্যাটাস এখনও ‘আন্ডার ইনকোয়ারি’ বা ‘রিজেক্টেড’ দেখাচ্ছে, তাঁদের অনেকের ক্ষেত্রেই পুনরায় যাচাই চলছে। নথি সঠিক প্রমাণিত হলে আবেদন স্ট্যাটাস পরিবর্তন করা হবে এবং তারপরই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।
সরকারি তথ্য অনুযায়ী, জুলাই মাস পর্যন্ত এক কোটিরও বেশি মহিলা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। একই সঙ্গে প্রায় ২৬ লক্ষ আবেদন যাচাইয়ের পর বাতিল হয়েছে। তবে সরকারের বক্তব্য, প্রকৃত যোগ্য কোনও আবেদনকারীকে প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা হবে না।
অন্যদিকে, যাঁদের নথিতে ত্রুটি থাকবে বা প্রকল্পের নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ হবে না, তাঁদের অ্যাকাউন্টে অগাস্টের কিস্তির টাকা যাবে না। যাচাই শেষ হওয়ার পরও যদি আবেদন স্ট্যাটাস ‘রিজেক্টেড’ থাকে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না পৌঁছয়, তাহলে সেই আবেদন অনুমোদিত হয়নি বলেই ধরে নেওয়া হবে।
অন্নপূর্ণা যোজনায় আবেদন গ্রহণ শুরু হয়েছে জুন মাসে। আবেদন জমা দেওয়ার জন্য মোট ৯০ দিনের সময় রাখা হয়েছে। সেই হিসেবে আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। সরকারি সূত্রে জানা গিয়েছে, ৩০ অগাস্ট পর্যন্ত নথি যাচাইয়ের কাজ চলবে।
আবেদনকারীরা নির্দিষ্ট সোশ্যাল সিকিউরিটি পোর্টালে গিয়ে নিজেদের আবেদন স্ট্যাটাস দেখতে পারবেন। এজন্য আবেদনকারীর নাম, আধার নম্বর এবং নিবন্ধিত মোবাইল নম্বর দিয়ে ওটিপি যাচাই করতে হবে।
স্ট্যাটাসে কী লেখা থাকলে তার অর্থ কী?
আন্ডার ইনকোয়ারি: আবেদন ও নথি এখনও যাচাইয়ের পর্যায়ে রয়েছে।
আন্ডার প্রসেসিং: আবেদন প্রক্রিয়াকরণ চলছে।
পেমেন্ট প্রসেসিং: আবেদন অনুমোদিত হয়েছে। শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা পাঠানো হবে।
রিজেক্টেড: আবেদন বা নথিতে সমস্যা থাকায় আবেদন গ্রহণ করা হয়নি। এই অবস্থায় কিস্তির টাকা মিলবে না।
আবেদন সংক্রান্ত কোনও সমস্যা হলে রাজ্য সরকারের নির্দিষ্ট হেল্পলাইন নম্বরে যোগাযোগ করা যাবে।
হেল্পলাইন নম্বর: ৮২৮২০৮২৮২০
পরিষেবা পাওয়া যাবে সোমবার থেকে শনিবার, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
সরকারের তরফে আরও জানানো হয়েছে, পৃথক ওয়েবসাইটে গ্রাম পঞ্চায়েত ও ব্লকভিত্তিক অনুমোদিত উপভোক্তাদের তালিকাও দেখা যাবে। তাই আবেদনকারীদের নিয়মিত স্ট্যাটাস পরীক্ষা করা এবং নথি যাচাইয়ের প্রক্রিয়া সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হয়েছে।






