দৈনন্দিন জীবনে স্মার্টফোনের সঙ্গে ওয়্যারলেস ডিভাইসের ব্যবহার এখন অভ্যাসে পরিণত। ইয়ারবাড, স্মার্টওয়াচ বা অন্যান্য গ্যাজেট যুক্ত করতে আমরা নির্ভর করি ব্লুটুথ প্রযুক্তি-র উপর। কিন্তু কাজ শেষ হওয়ার পরেও অনেকেই ব্লুটুথ বন্ধ করতে ভুলে যান। আর সেই অসাবধানতাই ডেকে আনতে পারে বড় বিপদ।
বিশেষজ্ঞদের মতে, খোলা ব্লুটুথ হ্যাকারদের জন্য সহজ দরজা খুলে দেয়। জনবহুল জায়গায়—যেমন বাস, ট্রেন বা বাজারে—ফোনের ব্লুটুথ চালু থাকলে ব্যবহারকারী সহজেই সাইবার অপরাধীদের নজরে পড়তে পারেন।
এই ধরনের প্রতারণার একটি পরিচিত পদ্ধতি হল ব্লুজ্যাকিং। এতে হ্যাকাররা কাছাকাছি থাকা ডিভাইসে পেয়ারিং রিকোয়েস্ট পাঠায়। ব্যবহারকারী যদি ভুল করে সেই অনুরোধ গ্রহণ করেন, তবে ফোনে অনুপ্রবেশের সুযোগ পেয়ে যায় অপরাধীরা।
একবার ডিভাইসের নিয়ন্ত্রণ হাতে এলে ব্যক্তিগত তথ্য হাতানো আর কঠিন থাকে না। ব্যাঙ্কের পাসওয়ার্ড, কার্ডের তথ্য বা অন্যান্য সংবেদনশীল ডেটা সহজেই চুরি হতে পারে। সেই তথ্য ব্যবহার করে আর্থিক প্রতারণা ঘটার ঝুঁকি প্রবল।
এই পরিস্থিতি এড়াতে কিছু সহজ সতর্কতা মেনে চলার পরামর্শ দিচ্ছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। অপ্রয়োজনীয় সময়ে ব্লুটুথ বন্ধ রাখা, অচেনা ডিভাইসের অনুরোধ এড়িয়ে চলা এবং ফোনকে ‘নন-ডিসকভারেবল’ মোডে রাখা—এই অভ্যাসগুলি সাইবার সুরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
প্রযুক্তি যেমন সুবিধা এনে দিয়েছে, তেমনই তা ব্যবহারে সচেতনতা না থাকলে বিপদের সম্ভাবনাও বাড়ে। তাই ছোট্ট একটি অভ্যাস—ব্যবহার শেষে ব্লুটুথ বন্ধ রাখা—আপনাকে বড়সড় আর্থিক ক্ষতি থেকে রক্ষা করতে পারে।






