শপথের পর প্রথমে মিঠুনের বাড়িতে শুভেন্দু, ‘মহাগুরু’-কে জড়িয়ে আবেগঘন বার্তা মুখ্যমন্ত্রীর

On: Saturday, May 16, 2026 1:05 PM
---Advertisement---

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর শনিবার দিনের শুরুতেই এক বিশেষ সাক্ষাতে গেলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নিউ টাউনে অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)-র বাড়িতে গিয়ে প্রায় ঘণ্টাখানেক বৈঠক করেন তিনি। রাজনৈতিক সৌজন্যের গণ্ডি ছাড়িয়ে এই সাক্ষাৎ ঘিরে তৈরি হয়েছে আলাদা রাজনৈতিক তাৎপর্যও।

বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু স্পষ্ট বলেন, পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানের পিছনে অন্যতম বড় ভূমিকা রয়েছে মিঠুনের। তাঁর কথায়, “মিঠুনদা এ রাজ্যে পরিবর্তনের অন্যতম কারিগর। আমাকে দল মুখ্যমন্ত্রী করেছে, তার পিছনেও ওঁর ভূমিকা রয়েছে।”

শুভেন্দু আরও জানান, গত কয়েক বছর ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে সংগঠনের জন্য নিরলস পরিশ্রম করেছেন মিঠুন। সেই কারণেই তিনি নিজে গিয়ে অভিনেতার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। মুখ্যমন্ত্রীর কথায়, “উনি বলেছিলেন, দেখা করতে আসবেন। আমি বলেছি, আপনি আসবেন কেন? আপনার তৈরি করা মুখ্যমন্ত্রী আপনার কাছেই আসবে।”

এই মন্তব্যের পর আবেগঘন মুহূর্তও তৈরি হয়। শুভেন্দুকে জড়িয়ে ধরেন মিঠুন। পরে মুখ্যমন্ত্রী বলেন, “মিঠুনদার জনপ্রিয়তা কোনও দলের মধ্যে আটকে নেই। উনি মহাগুরু। আমি আশীর্বাদ নিতে এসেছি।”

পাল্টা শুভেন্দুর প্রশংসায় ভরিয়ে দেন মিঠুনও। অভিনেতার বক্তব্য, “এর থেকে ভাল মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না। আমি গ্যারান্টি দিয়ে বলছি। শপথ নেওয়ার পর থেকেই উনি কাজ শুরু করে দিয়েছেন।”

বিধানসভা নির্বাচনের আগে বিজেপির হয়ে একাধিক রোড শো এবং প্রচারে অংশ নিয়েছিলেন মিঠুন। শনিবারের বৈঠকে সেই সময় দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতির বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান শুভেন্দু। মিঠুন বলেন, “যেখানে যা প্রতিশ্রুতি দিয়েছি, সব পূরণ করার চেষ্টা হবে। মুখ্যমন্ত্রী আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা পালন করব।”

এদিনের সাক্ষাতের পর সমাজমাধ্যমেও মিঠুনকে নিয়ে বিশেষ বার্তা দেন শুভেন্দু। সেখানে তিনি লেখেন, পশ্চিমবঙ্গের পরিবর্তন এবং “রাজ্যের গৌরব ফেরানোর” লক্ষ্যে গত কয়েক বছরে মিঠুন যে ভাবে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে কাজ করেছেন, তা প্রশংসার দাবি রাখে।

উল্লেখযোগ্য ভাবে, শনিবার থেকেই জেলা সফর শুরু করছেন শুভেন্দু। প্রথম কর্মসূচি দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে। তার আগে রাজনৈতিক ভাবে এই সাক্ষাৎ যে বিশেষ বার্তা দিল, তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now