টলিউডে সাম্প্রতিক অস্থিরতার জেরে থমকে গিয়েছিল একাধিক ধারাবাহিকের কাজ। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়, তার রেশ পড়েছিল ছোটপর্দার কাজেও। অভিযোগ, শুটিং চলাকালীন ঘটনাকে কেন্দ্র করে অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার প্রযোজনা সংস্থার একাধিক কর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর থেকেই সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার সব কাজ কার্যত বন্ধ হয়ে যায়।
এই পরিস্থিতির সরাসরি প্রভাব পড়ে জি বাংলার ধারাবাহিক ‘কনে দেখা আলো’-র উপরেও। দীর্ঘদিন ধরে বন্ধ ছিল শুটিং। যদিও প্রযোজনায় অর্গানিক স্টুডিওর নাম থাকলেও পরিচালনা ও লেখায় যুক্ত ছিলেন লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়। ফলে এই ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
তবে নতুন করে আশার আলো দেখা যাচ্ছে। টলিপাড়ার অন্দরের খবর, ‘কনে দেখা আলো’ এবার থেকে চ্যানেলের নিজস্ব প্রযোজনায় এগোতে পারে। জি বাংলার ইন-হাউজ টিমই চিত্রনাট্যের দায়িত্ব নিতে চলেছে বলে সূত্রের খবর।
এই আবহে গুরুত্বপূর্ণ ঘোষণা করল আর্টিস্ট ফোরাম। সংগঠনের সম্পাদক শান্তিলাল মুখার্জি এক বিবৃতিতে জানান, “রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায় এর অকাল প্রয়াণের পরবর্তী কালে যে পরিস্থিতির সম্মুখীন হয়ে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলাম, সে সম্পর্কে আপনারা সকলেই অবগত। ‘কনে দেখা আলো’ প্রযোজনাটির সম্পর্কে সম্প্রতি আমরা চ্যানেলের সঙ্গে (Zee বাংলা) সরাসরি আলোচনা করি। আলোচনা ফলপ্রসূ হয়েছে বলা যায়।
ওঁরা আমাদের শর্তাবলী মেনে নিয়েই প্রযোজনাটি চালিয়ে যাওয়ার পক্ষেই ওঁদের মতামত জানিয়েছেন এবং ৭ দিনের মধ্যে ফোরাম প্রদত্ত শর্তাবলীর সপক্ষে সমস্ত প্রমাণ সহ উপযক্ত নথি পাঠানোর ব্যাপারে সম্মতি দিয়েছেন।”
তিনি আরও বলেন, “এই পরিপ্রেক্ষিতে উক্ত প্রযোজনাটিতে (কনে দেখা আলো) আমাদের সংগঠনের শিল্পীদের কাজ করার ক্ষেত্রে কোনো অন্তরায় বা অসুবিধে রইল না। রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায় কখনও অন্যায়ের সাথে আপোষ করেনি, প্রতিবাদ করেছে। তেমনি ও ইন্ডাস্ট্রিতে আরও কাজ হোক, সুষ্ঠ ভাবে কাজ হোক – নিরন্তর চেয়েছে। আমরা ওর মতাদর্শকে সম্মান করি। পরিস্থিতির চাপে আমাদের কর্মবিরতিতে যেতে হয়েছিল, অযথা কাজের ক্ষেত্রে কোন রকম অসহযোগিতা করা আমাদের নীতি বিরুদ্ধ, মত-বিরুদ্ধ। এ কথা দৃঢ়তার সঙ্গে বলতে আমাদের কোনো বাধা নেই। আসুন সকলে মিলে কাজের পরিবেশকে সুন্দর করে তোলার চেষ্টা করি।”
প্রসঙ্গত, এতদিন ব্যাঙ্কিং পর্ব দিয়েই সম্প্রচার চলছিল ধারাবাহিকটির। তবে নতুন সিদ্ধান্তের পর খুব শিগগিরই ফের শুটিং শুরু হতে পারে বলে খবর। দীর্ঘ অনিশ্চয়তার পর এই আপডেটে স্বস্তি পেয়েছেন শিল্পী থেকে দর্শক—সবাই।







