Mouni Roy: বিয়ের চার বছরেই মোহভঙ্গ! ঘর ভাঙছে মৌনী রায়ের?

On: Tuesday, May 12, 2026 11:43 PM
---Advertisement---

গ্ল্যামার দুনিয়ার সম্পর্কের আয়ু কতদিন? এই প্রশ্নটা আরও একবার জোরালো হয়ে উঠল টিনসেল টাউনের অন্দরে। দীর্ঘদিনের প্রেম আর গোয়ার সমুদ্রসৈকতে জাঁকজমকপূর্ণ বিয়ের পর মাত্র চার বছরের মাথায় মৌনী রায় ও সূরজ নাম্বিয়ারের সংসারে চরম অশান্তির খবর সামনে আসছে। টলিউড থেকে বলিউড সফর করা বাঙালি অভিনেত্রী মৌনীর ব্যক্তিগত জীবনে কি তবে বড়সড় দুর্যোগ ঘনিয়ে এল?

এক সময় যাঁদের প্রেমের ছবি আর ভিডিওতে উপচে পড়ত ইনস্টাগ্রামের দেওয়াল, আজ সেখানেই শূন্যতা। হঠাৎ করেই দেখা যায়, একে অপরকে আনফলো করেছেন এই তারকাদম্পতি। মৌনীর প্রোফাইল থেকে শুধু সূরজের ছবিই সরেনি, বরং সোমবার রাত থেকে উধাও হয়ে গিয়েছে সূরজের গোটা অ্যাকাউন্টটাই। সমাজমাধ্যম থেকে নিজেকে সম্পূর্ণ গুটিয়ে নিয়েছেন দুবাইয়ের এই ব্যবসায়ী। যা বিচ্ছেদের জল্পনায় আরও ঘি ঢেলেছে।

সূত্রের খবর, বছরের শুরু থেকেই সম্পর্কের বাঁধন আলগা হতে শুরু করেছিল। বিচ্ছেদের কারণ হিসেবে উঠে আসছে সূরজের বিরুদ্ধে ওঠা একাধিক গুরুতর অভিযোগ। শোনা যাচ্ছে, সূরজ নাকি বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। অর্থাৎ অন্য নারীর হাত ধরতে গিয়েই মৌনীর সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছে। এখানেই শেষ নয়, মৌনীর উপার্জিত অর্থ নয়ছয় করা এবং প্রতারণার অভিযোগও উঠছে তাঁর বিরুদ্ধে। পেশাগতভাবে সফল অভিনেত্রী কি তবে আর্থিক এবং মানসিক— দুই দিক থেকেই বড় আঘাত পেলেন?

মৌনীর বিচ্ছেদের এই আবহে তাৎপর্যপূর্ণ ভূমিকা নিয়েছেন তাঁর কাছের বান্ধবী দিশা পাটানি। এক সময় সূরজের সঙ্গে দিশার গভীর বন্ধুত্ব থাকলেও, সম্প্রতি তিনিও সূরজকে নিজের তালিকা থেকে বাদ দিয়েছেন। বান্ধবীর বিপদে মৌনীর পাশেই দাঁড়িয়েছেন দিশা— এমনটাই মনে করছেন বলিউডের ওয়াকিবহাল মহল।

২০২২-এ বাঙালি এবং মলয়ালি রীতি মেনে করা বিয়ের সেই ভিডিও আজও অনুরাগীদের মনে টাটকা। তার মাঝেই সম্পর্কের এই তিক্ততা মেনে নিতে পারছেন না অনেকেই। যদিও মৌনী বা সূরজ, কেউই এখনও এই বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। টিনসেল টাউনের আনাচে-কানাচে এখন একটাই গুঞ্জন— তবে কি আরও একটা বলিউড বিয়ে আইনি বিচ্ছেদের দিকে এগোচ্ছে? আপাতত অনুরাগীরা চাতকের মতো তাকিয়ে আছেন প্রিয় অভিনেত্রীর উত্তরের অপেক্ষায়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now