Amir khan : জিয়াগঞ্জে এখন শুধু সুর আর রুপোলি স্বপ্ন—নেপথ্যে এক বড় বলিউড চমক!
মুর্শিদাবাদের জিয়াগঞ্জে হঠাৎই বেড়েছে কোলাহল। কারণ একটাই—বলিউড সুপারস্টার আমির খান। সোমবার থেকে অরিজিত্ সিংয়ের বাড়িতেই ডেরা বেঁধেছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’।
কেন এই আগমন? ঘনিষ্ঠ সূত্রের খবর, আমির খানের আসন্ন ছবির সংগীত পরিচালনার দায়িত্ব এবার সামলাতে চলেছেন অরিজিত্ সিং। গায়ক হিসেবে দীর্ঘদিনের সফল সফরের পর এটাই তাঁর প্রথম বড় বলিউড মিউজিক ডিরেক্টর হিসেবে পথচলা।
মঙ্গলবার বিকেলে বহরমপুরের লালদীঘির একটি বেসরকারি হোটেল থেকে সাদা গাড়িতে করে জিয়াগঞ্জে পৌঁছন আমির। রাস্তার দু’পাশে প্রিয় তারকাকে একঝলক দেখতে ভিড় জমান অসংখ্য অনুরাগী।
যদিও গত রবিবার থেকেই আমির মুর্শিদাবাদে ছিলেন, সোমবার অরিজিতের স্টুডিওতে ঢোকার ভিডিও ভাইরাল হতেই উত্তেজনা তুঙ্গে ওঠে। জানা যাচ্ছে, বুধবার পর্যন্ত সেখানেই থাকবেন অভিনেতা।
নতুন ছবির সুর ও রেকর্ডিংয়ের কাজ নিয়ে স্টুডিওতে দীর্ঘ সময় কাটাচ্ছেন দুই তারকা। কাজের ফাঁকেই অরিজিতের আতিথেয়তায় মজেছেন আমির। কখনও দাবার বোর্ডে আড্ডা, কখনও আবার বিকেলের আলোয় ছাদে ঘুড়ি ওড়ানো—সাদা টি-শার্টে তাঁর সহজ-সরল মুহূর্ত এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
গত কয়েক দিন ধরে অরিজিতের বাড়ি ও স্টুডিওর সামনে উপচে পড়ছে ভিড়। কড়া নিরাপত্তার মধ্যেও অনুরাগীদের উৎসাহে ভাঁটা পড়েনি।
বলিউডের এক মহাতারকা আর দেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পীর এই নতুন যুগলবন্দি বড় পর্দায় কী ম্যাজিক আনবে, এখন সেটাই দেখার।






