অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়+Rahul Arunoday Banerjee)-এর মর্মান্তিক মৃত্যুর এক সপ্তাহ পর অবশেষে প্রতিক্রিয়া এল তাঁর সহ-অভিনেত্রী শ্বেতা মিশ্র (Shweta Mishra)-র তরফে। এতদিন প্রায় সম্পূর্ণ নীরব থাকলেও, এবার আর্টিস্ট ফোরামের কর্মবিরতির আহ্বানে সায় জানিয়ে কার্যত তদন্তের দাবিতেই সমর্থন জানালেন তিনি।
গত ২৯ মার্চ তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন দুর্ঘটনায় জলে তলিয়ে যান রাহুল। সেই সময় দৃশ্য অনুযায়ী শ্বেতার সঙ্গেই শট দিচ্ছিলেন তিনি। দু’জনেই জলে পড়ে গেলেও শ্বেতাকে উদ্ধার করা সম্ভব হয়, কিন্তু রাহুলকে বাঁচানো যায়নি। ঘটনার পরপরই প্রকাশ্যে আসা এক ভিডিওতে শ্বেতাকে ভেঙে পড়তে দেখা গিয়েছিল—কান্নায় বারবার ‘রাহুলদা’ বলে ডাকছিলেন তিনি।
তারপর থেকে এই ঘটনা ঘিরে বিতর্ক বাড়লেও শ্বেতার তরফে কোনও প্রকাশ্য মন্তব্য সামনে আসেনি। এমনকি প্রতিবাদ মিছিল বা শিল্পীদের কর্মসূচিতেও দেখা যায়নি তাঁকে বা ইউনিটের অন্য সদস্যদের। সেই প্রেক্ষিতেই তাঁর নীরবতা নিয়ে প্রশ্ন উঠছিল বিভিন্ন মহলে।

তবে রবিবার শিল্পী সংগঠনের বৈঠকের পর ঘোষিত কর্মবিরতির ডাক যখন ইন্ডাস্ট্রির বহু তারকা সমর্থন করেন, তখন সেই একই বার্তা নিজের সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন শ্বেতাও। ফলে অনেকেরই প্রশ্ন, প্রযোজনা সংস্থার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে তিনিও কি অবস্থান স্পষ্ট করলেন?
অভিনেত্রীর পরিবারের তরফে অবশ্য জানানো হয়েছে, এই দুর্ঘটনার মানসিক ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেননি শ্বেতা। তাঁদের কথায়, “চিকিৎসকের পরামর্শে ওষুধ চলছে। তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।” পাশাপাশি পরিবার এ-ও জানিয়েছে, “শ্বেতা কোনওদিনই অন্যায়ের সঙ্গে আপস করেনি। সুস্থ হলে সে নিজেই নিজের কথা বলবে।”
এই পরিস্থিতিতে শ্বেতার সাম্প্রতিক অবস্থান নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। একদিকে মানসিক আঘাত, অন্যদিকে তদন্তের দাবি—দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে তাঁর এই নীরব সমর্থনই এখন জল্পনা বাড়াচ্ছে টলিপাড়ায়।






