জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে কর্মফলদাতা এবং ন্যায়ের দেবতা হিসেবে উল্লেখ করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, ব্যক্তির কর্মের ভিত্তিতেই ফল প্রদান করেন শনি। নবগ্রহের মধ্যে শনির গতি তুলনামূলক ধীর এবং একটি রাশিতে প্রায় আড়াই বছর অবস্থান করেন তিনি। রাশি পরিবর্তনের পাশাপাশি নির্দিষ্ট সময় অন্তর নক্ষত্রও পরিবর্তন করেন শনিদেব। বর্তমানে মীন রাশিতে বক্রি অবস্থায় রেবতী নক্ষত্রে রয়েছেন তিনি। বৈদিক জ্যোতিষের গণনা অনুযায়ী, আগামী ৯ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৭টা ২৮ মিনিটে উত্তরভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন শনি। ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই নক্ষত্রেই তাঁর অবস্থান থাকবে। জ্যোতিষমতে, শনির এই নক্ষত্র পরিবর্তনের প্রভাব তিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে পড়তে পারে।
বৃষ রাশির জাতকদের জন্য এই সময়টি আর্থিক দিক থেকে ইতিবাচক হতে পারে বলে জ্যোতিষমতে মনে করা হয়। আয়ের নতুন পথ তৈরি হওয়ার পাশাপাশি চাকরি ও ব্যবসায় উন্নতির সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে পরিশ্রমের স্বীকৃতি এবং দীর্ঘদিন আটকে থাকা কোনও কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনাও রয়েছে। নিজের পরিকল্পনা অনুযায়ী কাজ এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ মিলতে পারে এবং কোনও পুরনো ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনাও রয়েছে।
তুলা রাশির জাতকদের ক্ষেত্রেও শনির নক্ষত্র পরিবর্তনকে অনুকূল বলে মনে করা হচ্ছে। নতুন মানুষের সঙ্গে পরিচয় এবং সামাজিক যোগাযোগ বাড়তে পারে। চাকরিজীবীদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সাফল্য, আয় বৃদ্ধি বা বোনাসের সম্ভাবনার কথা বলা হচ্ছে। ব্যক্তিগত জীবনেও ইতিবাচক পরিবর্তন আসতে পারে। সম্পর্কের ক্ষেত্রে বোঝাপড়া বাড়ার পাশাপাশি জমি, বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে। পৈতৃক সম্পত্তি থেকেও লাভ হতে পারে বলে জ্যোতিষমতে মনে করা হয়।
কুম্ভ রাশির জাতকদের জন্যও এই সময়টি গুরুত্বপূর্ণ হতে পারে। আর্থিক পরিস্থিতির উন্নতি, আয়ের নতুন উৎস এবং দীর্ঘদিন আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে। তবে বিনিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়ো না করে পরিকল্পনা করে এগোনোর পরামর্শ দেওয়া হয়েছে। কর্মক্ষেত্রে ভালো কাজের জন্য প্রশংসা বা স্বীকৃতি মিলতে পারে। পাশাপাশি পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার এবং দীর্ঘদিনের মনোমালিন্য মিটে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে এই সমস্ত সম্ভাবনা জ্যোতিষশাস্ত্রের প্রচলিত বিশ্বাস ও গণনার উপর ভিত্তি করে, এর বৈজ্ঞানিক প্রমাণ নেই।







