অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের জন্য সেপ্টেম্বরের কিস্তির টাকা ১৭ সেপ্টেম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে সরাসরি ডিবিটির মাধ্যমে ৩ হাজার টাকা করে জমা পড়বে। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, অন্নপূর্ণা যোজনায় যোগ্য ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলাদের মাসে ৩ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।
এই টাকা সরাসরি উপভোক্তার আধার লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। অর্থাৎ টাকা পাওয়ার ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধারের সংযোগ এবং উপভোক্তার তথ্য সঠিক থাকা গুরুত্বপূর্ণ।
সেপ্টেম্বরের কিস্তির ক্ষেত্রে ১৭ সেপ্টেম্বরকে বিশেষ দিন হিসেবে বেছে নেওয়া হয়েছে। দিনটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। রাজ্য সরকারের তরফে ওই দিন অন্নপূর্ণা দিবস পালনের ঘোষণাও করা হয়েছে।
আগামী মাসগুলি থেকে অন্নপূর্ণা যোজনার টাকা মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ প্রতি মাসে টাকা পাওয়ার জন্য উপভোক্তাদের কোনও দফতরে গিয়ে যোগাযোগ করার প্রয়োজন হবে না বলেই তাঁর বক্তব্য।
অন্যদিকে, অন্নপূর্ণা যোজনার আওতায় উপভোক্তার সংখ্যা বাড়ায় প্রকল্পের জন্য বরাদ্দও বাড়ানোর কথা জানিয়েছে রাজ্য সরকার। প্রাথমিকভাবে ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হলেও তা বাড়িয়ে ৪৮ হাজার কোটি টাকা করার কথা জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার পাশাপাশি বিভিন্ন জায়গায় কর্মসূচিরও আয়োজন করা হয়েছে। কলকাতার বইমেলা প্রাঙ্গণে অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনও ‘আশীর্বাদ কা দিয়া’ কর্মসূচির কথা জানিয়েছেন। ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় বাড়িতে প্রদীপ জ্বালানোর জন্য তিনি আবেদন করেছেন।







