UPI MDR Charge: ১৫ অক্টোবর থেকে বদলাচ্ছে UPI নিয়ম, গ্রাহকদের এই ৭ ক্ষেত্রে দিতে হবে না কোনও টাকা

On: Wednesday, September 16, 2026 12:10 PM
---Advertisement---

১৫ অক্টোবর থেকে নির্দিষ্ট কিছু ব্যবসায়িক UPI লেনদেনে Merchant Discount Rate বা MDR চালু হচ্ছে। তবে এর ফলে সাধারণ গ্রাহকের UPI ব্যবহারে কোনও চার্জ বসছে না। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক জানিয়েছে, সব Person to Person বা P2P UPI লেনদেন আগের মতোই বিনামূল্যে থাকবে। ২,০০০ টাকা পর্যন্ত Person to Merchant বা P2M পেমেন্টও ফ্রি থাকবে।

নতুন কাঠামো অনুযায়ী, MDR মূলত ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট মার্চেন্ট লেনদেনে প্রযোজ্য হবে। সরকারের তথ্য অনুযায়ী, মোট মার্চেন্ট লেনদেনের প্রায় ৪ শতাংশে MDR লাগতে পারে। অর্থাৎ প্রায় ৯৬ শতাংশ P2M লেনদেন এই পরিবর্তনের বাইরে থাকবে।

তাহলে ১৫ অক্টোবরের পর UPI ব্যবহারকারীদের কোন কোন ক্ষেত্রে টাকা দিতে হবে না?
অন্য ব্যক্তিকে টাকা পাঠালে চার্জ নেই
UPI দিয়ে একজন ব্যক্তির কাছ থেকে অন্য ব্যক্তিকে টাকা পাঠানো বা নেওয়ার ক্ষেত্রে কোনও MDR, ট্রানজাকশন ফি বা প্ল্যাটফর্ম ফি দিতে হবে না। লেনদেনের পরিমাণ যতই হোক, P2P পেমেন্ট বিনামূল্যেই থাকবে।

২,০০০ টাকা পর্যন্ত মার্চেন্ট পেমেন্ট ফ্রি
দোকান বা অন্য কোনও ব্যবসায়ীর কাছে UPI দিয়ে ২,০০০ টাকা পর্যন্ত পেমেন্ট করলেও গ্রাহকের কোনও অতিরিক্ত চার্জ লাগবে না। এই সীমার মধ্যে P2M লেনদেনে MDR প্রযোজ্য নয়।

UPI ব্যবহারে কোনও প্ল্যাটফর্ম ফি নেই
UPI অ্যাপের মাধ্যমে পেমেন্ট করার জন্য গ্রাহকের কাছ থেকে আলাদা প্ল্যাটফর্ম ফি বা লুকনো চার্জ নেওয়া যাবে না। MDR হল মার্চেন্ট পেমেন্ট ব্যবস্থার মধ্যে প্রযোজ্য একটি চার্জ, সরাসরি গ্রাহকের উপর চাপানোর ফি নয়।

ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রে Zero MDR
UPI QR কোডের মাধ্যমে মাসে ১ লক্ষ টাকা পর্যন্ত গ্রহণকারী ছোট মার্চেন্ট, যার মধ্যে রাস্তার হকার ও পাড়ার দোকানও রয়েছে, P2PM বিভাগের আওতায় Zero MDR সুবিধা পাবেন। ফলে তাঁদের লেনদেনে এই চার্জ প্রযোজ্য হবে না।

মাসিক UPI ব্যবহারে কোনও ফি নেই
UPI ব্যবহার করার জন্য গ্রাহকদের কোনও মাসিক ফি বা নির্দিষ্ট সংখ্যক ফ্রি লেনদেনের সীমা থাকবে না। তবে ব্যাঙ্ক ও NPCI নিরাপত্তার কারণে লেনদেনের দৈনিক সীমা নির্ধারণ করতে পারে। এই সীমা চার্জ নেওয়ার সীমা নয়।

AutoPay লেনদেনেও MDR নেই
নির্ধারিত কাঠামোর আওতায় UPI Mandate ও AutoPay লেনদেনে MDR প্রযোজ্য হবে না। নিয়মিত বিল, সাবস্ক্রিপশন বা নির্দিষ্ট পুনরাবৃত্ত পেমেন্ট এর মধ্যে পড়তে পারে।

পেমেন্টের সময় সরাসরি MDR দিতে হবে না
MDR মার্চেন্ট পেমেন্ট ব্যবস্থার অংশ। গ্রাহকের কাছ থেকে আলাদা করে এই টাকা নেওয়ার কথা নয়। কেন্দ্র জানিয়েছে, ব্যাঙ্কগুলিকে নিশ্চিত করতে বলা হয়েছে যাতে মার্চেন্টরা MDR-এর খরচ গ্রাহকের উপর চাপিয়ে না দেন।

তাহলে ১৫ অক্টোবর থেকে কী বদলাচ্ছে?
২,০০০ টাকার বেশি নির্দিষ্ট P2M লেনদেনে ০.৪ শতাংশ MDR প্রযোজ্য হবে। ৭৫,০০০ টাকা বা তার বেশি লেনদেনের ক্ষেত্রে MDR প্রতি লেনদেনে সর্বোচ্চ ৩০০ টাকায় সীমাবদ্ধ থাকবে। রেল, টেলিকম, বিমা, জ্বালানি ও কৃষি উপকরণের মতো নির্দিষ্ট ক্ষেত্রে ২,০০০ টাকার বেশি লেনদেনে ৫ টাকা MDR থাকবে। মিউচুয়াল ফান্ড, সিকিউরিটিজ, স্টক ব্রোকার ও ডিলারের মতো ক্যাপিটাল মার্কেট লেনদেনে MDR হবে ০.০২ শতাংশ, যার সর্বোচ্চ সীমা ৩০০ টাকা।

MDR কোনও কর নয়। এই অর্থ পেমেন্ট ব্যবস্থার বিভিন্ন অংশীদার, যেমন ব্যাঙ্ক, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং UPI অ্যাপ পরিষেবা প্রদানকারীদের মধ্যে বণ্টিত হবে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now