উৎসবের মরসুম শুরু হতে আর বেশি দেরি নেই। গণেশ পুজো, দুর্গাপুজো, নবরাত্রি থেকে দীপাবলি, একের পর এক উৎসব ঘিরে অনলাইনে কেনাকাটার চাহিদা বাড়ার সম্ভাবনা। সেই বাড়তি চাপ সামলাতে এবার দেশজুড়ে ১.৬ লক্ষেরও বেশি মরসুমি কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে অ্যামাজ়ন ইন্ডিয়া। মেট্রো শহরের পাশাপাশি টিয়ার ২ এবং টিয়ার ৩ শহর মিলিয়ে প্রায় ৪০০টি এলাকায় এই কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হচ্ছে।
উৎসবের মরসুমে অনলাইনে কেনাকাটার পরিমাণ সাধারণ সময়ের তুলনায় উল্লেখযোগ্য ভাবে বেড়ে যায়। ফলে অর্ডার সামলানো থেকে শুরু করে পণ্য গ্রাহকের হাতে পৌঁছে দেওয়া পর্যন্ত গোটা সরবরাহ ব্যবস্থার উপর চাপ বাড়ে। সেই পরিস্থিতি সামাল দিতেই অতিরিক্ত কর্মী নিয়োগ করছে অ্যামাজ়ন।
কী কাজ করবেন মরসুমি কর্মীরা
নতুন কর্মীদের মূলত অ্যামাজ়নের ই কমার্স এবং কুইক কমার্স পরিষেবার বিভিন্ন কাজে যুক্ত করা হবে। গ্রাহকের অর্ডার পাওয়ার পর পণ্য বাছাই, প্যাকিং, শিপিং এবং নির্দিষ্ট ঠিকানায় দ্রুত পৌঁছে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাবেন তাঁরা। এর ফলে উৎসবের ব্যস্ত সময়ে বিপুল সংখ্যক অর্ডার দ্রুত প্রক্রিয়াকরণ এবং সরবরাহ করা সম্ভব হবে বলে আশা সংস্থার।
শুধু সরাসরি নয়, অ্যামাজ়নের নেটওয়ার্কের সঙ্গে যুক্ত বিভিন্ন পরোক্ষ কাজের ক্ষেত্রেও এই নিয়োগের সুযোগ রয়েছে। বারাণসী, কোচি, জলন্ধর, গাজিয়াবাদ, রাঁচি, সালেম এবং গোরক্ষপুরের মতো শহরেও কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।
প্রতিটি পিন কোডে দ্রুত পরিষেবার লক্ষ্য
অ্যামাজ়ন ইন্ডিয়ার অপারেশনস বিভাগের ভাইস প্রেসিডেন্ট অভিনব সিংহ জানিয়েছেন, উৎসবের মরসুমে দেশের প্রতিটি পিন কোডে গ্রাহকদের দ্রুত এবং নির্ভরযোগ্য পরিষেবা দেওয়াই সংস্থার অন্যতম লক্ষ্য। অনলাইন কেনাকাটার বাড়তি চাহিদা সামলাতে গোটা অপারেশন নেটওয়ার্ককে আরও শক্তিশালী করা হচ্ছে।
তাঁর বক্তব্য অনুযায়ী, নতুন মরসুমি কর্মীরা উৎসবের ব্যস্ত সময়ে অ্যামাজ়নের ডেলিভারি এবং লজিস্টিকস ব্যবস্থাকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এর ফলে বেশি সংখ্যক অর্ডার নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া সহজ হবে।
উৎসব শেষেও থাকছে কাজের সম্ভাবনা
মরসুমি চাকরি হলেও অনেক কর্মীর ক্ষেত্রে উৎসবের পরেও অ্যামাজ়নের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়। সংস্থার দাবি, আগেও বহু মরসুমি কর্মী পরবর্তীতে অ্যামাজ়নের সঙ্গে যুক্ত থেকে গিয়েছেন। আবার এমন কর্মীও রয়েছেন, যাঁরা প্রতি বছর উৎসবের মরসুমে স্বল্পমেয়াদি কাজের জন্য সংস্থায় যোগ দেন।
ফলে উৎসবের সময় অ্যামাজ়নের বাড়তি কর্মী প্রয়োজন মেটানোর পাশাপাশি এই নিয়োগ দেশের বিভিন্ন প্রান্তে স্বল্পমেয়াদি কর্মসংস্থানের সুযোগও তৈরি করবে।







