Vi গ্রাহকদের জন্য বড় ধাক্কা! ৬ সার্কেলে স্পেকট্রাম ছাড়ছে সংস্থা, বিপদে পড়বেন কি বাংলার গ্রাহকরা?

On: Saturday, August 22, 2026 11:06 PM
---Advertisement---

Vodafone Idea বা Vi-এর গ্রাহকদের নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। সংস্থাটি দেশের ছ’টি টেলিকম সার্কেলে নির্দিষ্ট স্পেকট্রামের লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার পর তা আর নবীকরণ করবে না বলে সূত্রের খবর। তবে এই তালিকায় পশ্চিমবঙ্গ নেই। ফলে রাজ্যের Vi গ্রাহকদের ক্ষেত্রে আপাতত পরিষেবা নিয়ে উদ্বেগের কারণ নেই বলেই জানা যাচ্ছে।

কোন সার্কেলে বদল আসছে
চলতি বছরের ৫ ডিসেম্বর Vodafone Idea Limited-এর কয়েকটি স্পেকট্রাম লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার কথা। সূত্রের খবর, এরপর মুম্বই, বিহার, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, অসম এবং জম্মু-কাশ্মীর সার্কেলে ৯০০ মেগাহার্টজ এবং ১,৮০০ মেগাহার্টজ ব্যান্ডের মোট ৩৯.৫ মেগাহার্টজ স্পেকট্রাম আর নবীকরণ করা হবে না।

এই স্পেকট্রামগুলি ২০০৬ সালে কোনও নিলাম ছাড়াই সংস্থাটিকে বরাদ্দ করা হয়েছিল বলে জানা যাচ্ছে।

কেন লাইসেন্স নবীকরণ করছে না Vi?
সূত্রের খবর, লাইসেন্সগুলি পুনরায় নবীকরণ করতে সংস্থাটির প্রায় ৫৫ থেকে ৬০ কোটি টাকা খরচ হতে পারে। আর্থিক চাপের মধ্যে থাকা Vodafone Idea এই মুহূর্তে অতিরিক্ত খরচের বোঝা নিতে চাইছে না। সেই কারণেই ছ’টি সার্কেলের নির্দিষ্ট স্পেকট্রাম আর নবীকরণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

বিষয়টি টেলিকমিউনিকেশন মন্ত্রককেও জানানো হয়েছে বলে সূত্রের দাবি।

গ্রাহকদের পরিষেবা কি বন্ধ হয়ে যাবে?
এই সিদ্ধান্ত সামনে আসার পর সবচেয়ে বড় প্রশ্ন গ্রাহকদের পরিষেবা নিয়ে। তবে সংস্থার নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন কর্তা জানিয়েছেন, এর ফলে সংশ্লিষ্ট সার্কেলগুলিতে মোবাইল পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা নেই।

অর্থাৎ নির্দিষ্ট কিছু স্পেকট্রাম লাইসেন্স নবীকরণ না করার সিদ্ধান্তকে সরাসরি সিমকার্ড বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে মিলিয়ে দেখা ঠিক হবে না। সংস্থার তরফে পরিষেবায় বড় ধরনের বিঘ্নের আশঙ্কা নেই বলেই দাবি করা হয়েছে।

পশ্চিমবঙ্গের গ্রাহকদের জন্য স্বস্তি
এই সিদ্ধান্তের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের নাম নেই। ফলে পশ্চিমবঙ্গ সার্কেলে ব্যবহৃত স্পেকট্রাম নিয়ে Vodafone Idea আপাতত কোনও পরিবর্তন করছে না বলেই সূত্রের খবর।

তাই রাজ্যের Vi গ্রাহকদের ক্ষেত্রে এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়ার কথা নয়। তবে সংস্থার সামগ্রিক আর্থিক পরিস্থিতি এবং ভবিষ্যতে স্পেকট্রাম সংক্রান্ত সিদ্ধান্তের দিকে নজর থাকবে টেলিকম দুনিয়ার।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now