ভারতের স্মার্টফোন বাজারে এখন বড় পরিবর্তনের ইঙ্গিত। র্যাম, স্টোরেজ-সহ বিভিন্ন যন্ত্রাংশের দাম বাড়ায় মোবাইলের উৎপাদন খরচও বাড়ছে। তার প্রভাব পড়তে শুরু করেছে খুচরো বাজারে। এই পরিস্থিতির মধ্যেই Redmi Note সিরিজের নতুন মডেল ভারতে আনার প্রস্তুতি নিচ্ছে Xiaomi।
সূত্রের খবর, Redmi Note 17 5G আগামী সেপ্টেম্বরেই ভারতীয় বাজারে পা রাখতে পারে। ১৮ অথবা ২০ সেপ্টেম্বর থেকে দেশের বিভিন্ন মোবাইল দোকানে ফোনটি বিক্রি শুরু হতে পারে বলে একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে। উৎসবের মরসুমকে সামনে রেখে নতুন এই মডেল দিয়ে বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করার পরিকল্পনা রয়েছে Xiaomi-এর।
তবে এবার Redmi Note সিরিজের ফোনের দাম নিয়ে আগের মতো কম বাজেটের প্রত্যাশা না রাখাই ভাল। সূত্রের দাবি, ভারতে ফোনটির দাম প্রায় ৩০ হাজার টাকা থেকে শুরু হতে পারে। অর্থাৎ একসময় যে Redmi ফোনগুলি ১০ হাজার টাকার আশপাশে পাওয়া যেত, সেই দামের সঙ্গে নতুন প্রজন্মের মডেলের ব্যবধান বেশ বড় হতে চলেছে।
মূলত স্মার্টফোন তৈরির বিভিন্ন উপকরণের মূল্যবৃদ্ধিই এই দাম বাড়ার অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। ফলে সংস্থাগুলির পক্ষে আগের দামে নতুন মডেল বাজারে আনা কঠিন হয়ে উঠছে।
অন্য দিকে, Xiaomi-এর নতুন ফোনের পাশাপাশি আজ, ২০ অগস্টই ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে iQOO Z11। এই ফোনের অন্যতম আকর্ষণ MediaTek Dimensity 7500 Turbo প্রসেসর। ভারতে এই প্রসেসর ব্যবহার করা প্রথম স্মার্টফোন হিসেবে iQOO Z11-কে বাজারজাত করা হচ্ছে।
চিনের বাজারে মার্চ মাসেই একই সিরিজের ফোন আত্মপ্রকাশ করেছিল। তবে চিনে ব্যবহৃত প্রসেসরটির ক্ষমতা ভারতীয় সংস্করণের তুলনায় কিছুটা বেশি বলে জানা গিয়েছে।
iQOO Z11-এ কার্ভড ডিসপ্লে থাকার কথাও জানা যাচ্ছে। চিনের বাজারে ফোনটির দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৩১ হাজার টাকা। ভারতে সেটি ৩২ হাজার থেকে ৩৫ হাজার টাকার মধ্যে বিক্রি হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
অর্থাৎ আগামী দিনে ৩০ হাজার টাকার আশপাশের সেগমেন্টেই একাধিক নতুন স্মার্টফোনের লড়াই দেখা যেতে পারে। একদিকে যন্ত্রাংশের দাম বৃদ্ধির চাপ, অন্যদিকে উৎসবের মরসুমে নতুন ফোনের চাহিদা—দুইয়ের মাঝে দাঁড়িয়ে গ্রাহকদের জন্য কোন মডেল কতটা আকর্ষণীয় হয়, এখন সেটাই দেখার।







