সমাজমাধ্যম এখন শুধু বিনোদনের জায়গা নয়। অর্থনীতি, প্রতিরক্ষা, আন্তর্জাতিক সম্পর্কের মতো গুরুত্বপূর্ণ বিষয় থেকে শুরু করে রান্না, রূপচর্চা এবং পর্যটন, নানা ধরনের কনটেন্ট প্রতিদিন ছড়িয়ে পড়ছে ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে। আর সেই কনটেন্ট তৈরি করেই অনেকের আয়ের পথ খুলে যাচ্ছে। ফলে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে বেছে নেওয়ার প্রবণতাও ক্রমশ বাড়ছে।
এই পরিস্থিতিতে কনটেন্ট ক্রিয়েশনকে কেন্দ্র করে এবার ডিগ্রি কোর্স চালু করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট বিশ্ববিদ্যালয়। কোর্সটির নাম ব্যাচেলার অফ আর্টস ইন কনটেন্ট ক্রিয়েশন। অর্থাৎ সমাজমাধ্যমের জন্য কনটেন্ট তৈরি করাকেই প্রাতিষ্ঠানিক শিক্ষার আওতায় নিয়ে আসা হয়েছে।
কী শেখানো হবে এই কোর্সে
বিশ্ববিদ্যালয়ের এই ডিগ্রি কোর্সে কনটেন্ট তৈরির বিভিন্ন কৌশল শেখানো হবে। এর মধ্যে রয়েছে কনটেন্টের ধরন নির্বাচন, ক্যামেরার ব্যবহার এবং অনুষ্ঠান উপস্থাপনের কৌশল। পাশাপাশি সমাজমাধ্যমে কী ভাবে অনুগামী বা ফলোয়ার বাড়ানো যায়, সেই বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
কারণ বর্তমানে কোনও কনটেন্ট ক্রিয়েটরের সাফল্যের অন্যতম গুরুত্বপূর্ণ মাপকাঠি হল তাঁর দর্শক এবং অনুগামীর সংখ্যা। ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে কনটেন্টের জনপ্রিয়তার উপর নির্ভর করে আয় করার সুযোগ তৈরি হয়। ফলে কনটেন্ট তৈরির পাশাপাশি দর্শক তৈরি করার কৌশলও এই কোর্সের গুরুত্বপূর্ণ অংশ।
ভারতে এখনও নেই এমন ডিগ্রি কোর্স
কনটেন্ট ক্রিয়েশন নিয়ে এই ধরনের ডিগ্রি কোর্স এখনও ভারতের কোনও শিক্ষা প্রতিষ্ঠানে চালু হয়নি। অ্যারিজোনা স্টেট বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগকে তাই বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।
তাঁদের মতে, নেটপ্রভাবী এবং কনটেন্ট ক্রিয়েটরদের পেশাগত দক্ষতা আরও উন্নত করার লক্ষ্যেই এই ধরনের পাঠ্যক্রম তৈরি করা হয়েছে। শুধুমাত্র ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভিডিয়ো তৈরি নয়, বরং কী ভাবে পরিকল্পিত এবং বুদ্ধিদীপ্ত কনটেন্ট তৈরি করা যায়, সেই বিষয়েও শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য রয়েছে।
কত টাকা খরচ হবে
এই ডিগ্রি কোর্স করতে অবশ্য খরচ কম নয়। স্কলারশিপ বাদে প্রতি শিক্ষাবর্ষে টিউশন ফি হিসেবে প্রায় ১২,০০০ ডলার নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। থাকা এবং খাওয়ার খরচ এর মধ্যে ধরা নেই।
থাকা খাওয়ার খরচ যোগ করলে প্রতি শিক্ষাবর্ষে মোট ব্যয় ৩৭,০০০ ডলারেরও বেশি হতে পারে। অন্যদিকে অ্যারিজোনার বাইরের বাসিন্দাদের জন্য টিউশন ফি প্রায় ৩৫,০০০ ডলার বলে জানা গিয়েছে।
অনলাইনে শেখা যায়, তবুও কেন ডিগ্রি
সমাজমাধ্যমে ভিডিয়ো বা রিলস আপলোড করার পদ্ধতি শেখার জন্য বর্তমানে অসংখ্য অনলাইন কোর্স এবং বিনামূল্যের টিউটোরিয়াল রয়েছে। ফলে কনটেন্ট ক্রিয়েশনের জন্য আলাদা করে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির প্রয়োজন আছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে।
তবে শিক্ষাবিদদের একাংশের মতে, বিশ্ববিদ্যালয়ের কোর্সের উদ্দেশ্য শুধু ভিডিয়ো তৈরি শেখানো নয়। পরিকল্পিতভাবে কনটেন্ট তৈরি, ক্যামেরা এবং উপস্থাপনার দক্ষতা বৃদ্ধি, দর্শক তৈরি এবং সমাজমাধ্যমে দীর্ঘমেয়াদি পেশা গড়ে তোলার মতো বিষয়গুলিকে একসঙ্গে শেখানোর সুযোগ তৈরি করছে এই ধরনের ডিগ্রি।
ডিজিটাল দুনিয়ায় কনটেন্ট ক্রিয়েশন যখন বহু মানুষের আয়ের উৎস হয়ে উঠছে, তখন এই পেশাকে প্রাতিষ্ঠানিক শিক্ষার আওতায় নিয়ে আসার উদ্যোগ আগামী দিনে আরও জনপ্রিয় হয় কি না, এখন সেটাই দেখার।







