শেষ মুহূর্তে কোথাও যাওয়ার পরিকল্পনা হয়েছে, কিন্তু রিজার্ভেশন নেই? তৎকালেও টিকিট মেলেনি? এমন পরিস্থিতিতে অনেকেই ভ্রমণের পরিকল্পনা বাতিল করে দেন। অথচ ভারতীয় রেলের এমন একটি পরিষেবা রয়েছে, যার মাধ্যমে ট্রেন ছাড়ার কয়েক মিনিট আগেও কনফার্ম টিকিট পাওয়া সম্ভব।
এই সুবিধার নাম ‘কারেন্ট বুকিং’। IRCTC-এর Chart Vacancy ফিচারের মাধ্যমে রিজার্ভেশন চার্ট প্রকাশের পর ট্রেনে যে আসনগুলি খালি থাকে, সেগুলি অনলাইনে বুক করা যায়। ফলে স্টেশনে গিয়ে কাউন্টারে দাঁড়ানোরও প্রয়োজন হয় না।
সাধারণত ট্রেন ছাড়ার প্রায় চার ঘণ্টা আগে প্রথম রিজার্ভেশন চার্ট তৈরি হয়। সেই চার্ট প্রকাশের পর থেকে ট্রেন ছাড়ার প্রায় পাঁচ মিনিট আগে পর্যন্ত খালি আসন থাকলে কারেন্ট বুকিংয়ের মাধ্যমে টিকিট কাটা যায়। তবে কিছু ট্রেন ও নির্দিষ্ট রুটে চার্ট তৈরির সময় আলাদা হতে পারে।
এই পরিষেবার সবচেয়ে বড় সুবিধা হল, এখানে শুধুমাত্র কনফার্ম টিকিটই দেওয়া হয়। ওয়েটিং লিস্ট বা RAC-এর কোনও ঝামেলা থাকে না। অর্থাৎ আসন খালি থাকলেই সরাসরি নিশ্চিত টিকিট বুক করা যায়।
খালি আসন দেখতে IRCTC-এর ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে লগ-ইন করে ট্রেন সংক্রান্ত বিভাগে যেতে হবে। সেখানে ‘Chart Vacancy’ অপশন নির্বাচন করে ট্রেন নম্বর এবং যাত্রার তারিখ লিখে সার্চ করলেই কোন কোচে কতগুলি আসন ফাঁকা রয়েছে, তা দেখা যাবে। পছন্দের আসন থাকলে সঙ্গে সঙ্গেই অনলাইনে বুকিং করা যাবে।
তৎকাল বুকিংয়ে নির্দিষ্ট সময়ে বিপুল সংখ্যক যাত্রী একসঙ্গে চেষ্টা করেন, ফলে টিকিট পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। কিন্তু কারেন্ট বুকিংয়ে সেই প্রতিযোগিতা থাকে না। চার্ট তৈরির পর বাতিল হওয়া বা খালি থাকা আসন সরাসরি বুক করার সুযোগ থাকে। এমনকি কোনও যাত্রী মাঝপথে নেমে গেলে, সেই আসনও পরবর্তী স্টেশন থেকে যাত্রা শুরু করা যাত্রীদের জন্য উপলব্ধ হতে পারে।
তাই শেষ মুহূর্তে ভ্রমণের পরিকল্পনা হলে এবং তৎকাল টিকিট না মিললে, IRCTC-এর এই ফিচারটি একবার দেখে নেওয়া যেতে পারে। অনেক ক্ষেত্রেই এটি নিশ্চিত টিকিট পাওয়ার কার্যকর বিকল্প হয়ে উঠতে পারে।







