দেশে অনলাইন পেমেন্টের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম এখন UPI। চায়ের দোকান থেকে বড় শপিং মল— প্রায় সর্বত্রই QR কোড স্ক্যান করে মুহূর্তে টাকা পাঠিয়ে দিচ্ছেন গ্রাহকরা। কিন্তু এই পরিষেবা কি আর পুরোপুরি বিনামূল্যে থাকবে? সংসদে একটি গুরুত্বপূর্ণ বিল পাশ হওয়ার পর সেই প্রশ্নই সামনে এসেছে।
সম্প্রতি সংসদে পাশ হয়েছে Taxation and Other Laws (Amendment) Bill, 2026। এই বিলের মাধ্যমে পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট, ২০০৭-সহ একাধিক আইনে সংশোধনের প্রস্তাব কার্যকর হয়েছে। এর ফলে ভবিষ্যতে প্রয়োজন মনে করলে সরকার UPI-সহ ডিজিটাল পেমেন্টে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) চালু করার ক্ষমতা পাবে।
তবে এর অর্থ এই নয় যে, এখন থেকেই UPI-তে টাকা পাঠাতে সাধারণ মানুষকে অতিরিক্ত চার্জ দিতে হবে। বর্তমানে UPI লেনদেন আগের মতোই বিনামূল্যে রয়েছে এবং গ্রাহকদের জন্য কোনও নতুন ফি ঘোষণা করা হয়নি।
MDR আসলে কী?
মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা MDR হল এমন একটি ফি, যা ডিজিটাল পেমেন্ট গ্রহণের জন্য ব্যবসায়ীরা ব্যাঙ্ক বা পেমেন্ট পরিষেবা প্রদানকারী সংস্থাকে দেন। এই চার্জ সাধারণত গ্রাহকের উপর বর্তায় না। অর্থাৎ, কোনও দোকানে UPI-র মাধ্যমে টাকা দিলে সেই ফি ব্যবসায়ীকেই বহন করতে হয়।
কারা এই চার্জের আওতায় আসতে পারেন?
প্রতিবেদন অনুযায়ী, MDR ফের চালু হলেও তা সব ব্যবসায়ীর ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। প্রাথমিকভাবে যাঁদের বার্ষিক টার্নওভার ১.৫ কোটি টাকার বেশি এবং ২,০০০ টাকার বেশি মূল্যের UPI লেনদেন গ্রহণ করেন, তাঁদের ক্ষেত্রেই এই চার্জ প্রযোজ্য হতে পারে বলে জল্পনা রয়েছে।
২০২০ সালে কেন্দ্র সরকার UPI এবং RuPay-ভিত্তিক লেনদেন থেকে MDR সম্পূর্ণ তুলে দেয়। উদ্দেশ্য ছিল দেশে ডিজিটাল পেমেন্টকে আরও জনপ্রিয় করে তোলা। এরপর কয়েক বছরের মধ্যেই UPI দেশের সবচেয়ে বড় ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় পরিণত হয়েছে।
তবে দীর্ঘদিন ধরে ব্যাঙ্ক এবং পেমেন্ট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির একাংশের দাবি, MDR না থাকায় এই পরিষেবা পরিচালনা থেকে পর্যাপ্ত আয় হচ্ছে না। সেই প্রেক্ষাপটেই নতুন আইনি সংশোধনের মাধ্যমে ভবিষ্যতে প্রয়োজনে MDR চালুর পথ খোলা রাখা হয়েছে।
তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই মুহূর্তে UPI ব্যবহারকারীদের জন্য কোনও নতুন চার্জ কার্যকর হয়নি। নতুন আইন শুধুমাত্র সরকারকে ভবিষ্যতে প্রয়োজনে MDR চালুর আইনি ক্ষমতা দিয়েছে। কবে, কীভাবে এবং কোন ক্ষেত্রে এই চার্জ কার্যকর হবে, সে বিষয়ে এখনও কোনও সরকারি ঘোষণা করা হয়নি।






