স্মার্টফোনের দাম বৃদ্ধিতে অনেকেই নতুন ফোন কেনার পরিকল্পনা পিছিয়ে দিচ্ছেন। প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশের মতে, এই মূল্যবৃদ্ধির অন্যতম কারণ র্যাম এবং স্টোরেজ চিপের দাম। দীর্ঘদিন ধরে এই বাজারের নিয়ন্ত্রণ ছিল হাতে গোনা কয়েকটি সংস্থার হাতে। তবে সেই সমীকরণে এবার পরিবর্তনের ইঙ্গিত মিলছে। আর তাতেই ভবিষ্যতে স্মার্টফোনের দাম কমতে পারে বলে জোর জল্পনা শুরু হয়েছে।
বর্তমানে বিশ্বের উন্নত মেমোরি চিপের বাজারে মূল দখল রয়েছে দক্ষিণ কোরিয়ার স্যামসাং এবং এসকে হাইনিক্স, পাশাপাশি মার্কিন সংস্থা মাইক্রোনের। আধুনিক DRAM এবং NAND স্টোরেজ তৈরিতে এই তিন সংস্থাই দীর্ঘদিন ধরে শীর্ষে রয়েছে। তবে এই বাজারে নিজেদের জায়গা তৈরি করতে জোর চেষ্টা শুরু করেছে চিনের একাধিক সংস্থা।
এরই মধ্যে নজর কেড়েছে চিনা সংস্থা YMTC। বিভিন্ন প্রযুক্তি বিশ্লেষকের দাবি, Lenovo তাদের কিছু ল্যাপটপে ইতিমধ্যেই YMTC-র তৈরি SSD ব্যবহার শুরু করেছে। ভারতে জনপ্রিয় ThinkBook সিরিজের কিছু মডেলেও এই স্টোরেজ ব্যবহারের তথ্য সামনে এসেছে। এর ফলে স্টোরেজ চিপের বাজারে ধীরে ধীরে নিজেদের উপস্থিতি বাড়াচ্ছে চিনা সংস্থাগুলি।
শুধু Lenovo-ই নয়, আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, Apple-ও ভবিষ্যতে আইফোনের জন্য চিনা সংস্থা CXMT-এর তৈরি DRAM কেনার সম্ভাবনা খতিয়ে দেখছে। যদিও এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য মার্কিন প্রশাসনের অনুমোদন প্রয়োজন হতে পারে।
বর্তমানে Apple মূলত Samsung এবং SK Hynix-এর তৈরি মেমোরি চিপ ব্যবহার করে। কিন্তু এই দুই সংস্থা এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-ভিত্তিক ডেটা সেন্টারের জন্য উচ্চক্ষমতার HBM মেমোরি উৎপাদনে বেশি গুরুত্ব দিচ্ছে। ফলে স্মার্টফোনে ব্যবহৃত DRAM-এর সরবরাহ তুলনামূলকভাবে কমে যেতে পারে।
এই পরিস্থিতিতে CXMT যদি Apple-সহ অন্য নির্মাতাদের চাহিদা পূরণ করতে পারে, তাহলে মেমোরি চিপের বাজারে প্রতিযোগিতা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। আর প্রতিযোগিতা বাড়লে র্যাম ও স্টোরেজের দাম কমার সম্ভাবনাও তৈরি হবে।
প্রযুক্তি মহলের একাংশের মতে, যদি চিনা সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারে আরও বেশি গ্রহণযোগ্যতা পায় এবং বিভিন্ন স্মার্টফোন নির্মাতা তাদের চিপ ব্যবহার শুরু করে, তাহলে উৎপাদন খরচ কমতে পারে। তার প্রভাব ভবিষ্যতে স্মার্টফোনের দামেও পড়তে পারে। যদিও এই সম্ভাবনা কত দ্রুত বাস্তবে রূপ নেবে, তা নির্ভর করবে বাজার পরিস্থিতি, আন্তর্জাতিক বাণিজ্যনীতি এবং সংশ্লিষ্ট দেশগুলির সরকারি অনুমোদনের উপর।






