ডাবরের একাধিক পণ্যে নিষেধাজ্ঞা! FSSAI-এর কড়া নির্দেশ, কেন আর বিক্রি করা যাবে না এই পণ্যগুলি? 

On: Tuesday, August 4, 2026 12:54 PM
---Advertisement---

খাদ্যপণ্যের বিজ্ঞাপনে করা একাধিক দাবিকে ঘিরে ডাবর ইন্ডিয়াকে কড়া নির্দেশ দিল ভারতের খাদ্য সুরক্ষা ও মান নির্ধারণকারী সংস্থা FSSAI। মধু, ঘি, নারকেল তেল, অ্যাপল সিডার ভিনিগার-সহ একাধিক পণ্যে ‘১০০ শতাংশ বিশুদ্ধ’, ‘১০০ শতাংশ প্রাকৃতিক’ বা ‘১০০ শতাংশ অর্গানিক’-এর মতো দাবি ব্যবহার করে বিক্রি করা যাবে না বলে সংস্থাকে জানানো হয়েছে। ইতিমধ্যেই এ বিষয়ে ডাবরকে নোটিস পাঠিয়েছে FSSAI।

সোমবার এক্স-এ করা একটি পোস্টে FSSAI জানিয়েছে, ডাবরের ওয়েবসাইটে একাধিক খাদ্যপণ্যের ক্ষেত্রে ‘১০০ শতাংশ’ দাবি করা হয়েছে। খাদ্য সুরক্ষা সংস্থার মতে, এই ধরনের দাবি গ্রাহকদের বিভ্রান্ত করতে পারে। তাই এই ধরনের প্রচার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

যে পণ্যগুলিকে ঘিরে আপত্তি জানানো হয়েছে, তার মধ্যে রয়েছে ডাবর মধু, অ্যাপল সিডার ভিনিগার, ভার্জিন নারকেল তেল, তিলের তেল, গরুর ঘি, ডাবের জল এবং নারকেলের দুধ।

FSSAI-এর অভিযোগ, ডাবরের অ্যাপল সিডার ভিনিগার এবং অর্গানিক হানিতে বৈধ FSSAI অর্গানিক অনুমোদন ছাড়াই ‘জৈবিক ভারত’ লোগো ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ডাবর হোমমেড কোকোনাট মিল্কের ক্ষেত্রেও ‘১০০ শতাংশ বিশুদ্ধ’ দাবি করা হয়েছে, যা ২০১৮ সালের খাদ্যবিধি অনুযায়ী অনুমোদিত নয় বলে জানিয়েছে সংস্থাটি।

FSSAI আরও জানিয়েছে, এই বিষয়টি নিয়ে আগেও ডাবরকে সতর্ক করা হয়েছিল। কিন্তু সংস্থার তরফে প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়নি। তাই এবার নোটিসে উল্লিখিত পণ্যগুলির পাশাপাশি, যেসব খাদ্যপণ্যে একই ধরনের ‘১০০ শতাংশ’ দাবি করা হয়েছে, সেগুলির বিক্রিও অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া, নোটিস পাওয়ার ১৫ দিনের মধ্যে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তার বিস্তারিত রিপোর্টও FSSAI-এর কাছে জমা দিতে হবে বলে নির্দেশে উল্লেখ করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, এই নির্দেশে পণ্য বিক্রির উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়নি। আপত্তি শুধুমাত্র পণ্যের প্রচারে ব্যবহৃত ‘১০০ শতাংশ’ দাবিকে ঘিরেই।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now