স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজ়িট (FD) সংক্রান্ত নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে ভারতীয় রিজ়ার্ভ ব্যাঙ্ক (RBI)। নতুন নির্দেশিকা অনুযায়ী, আগামী ১ অক্টোবর থেকে বাল্ক ডিপোজ়িটের ক্ষেত্রে সুদের হার নির্ধারণে আরও নমনীয়তা পাবে ব্যাঙ্কগুলি। ইতিমধ্যেই এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে শীর্ষ ব্যাঙ্ক।
আরবিআই জানিয়েছে, এই পরিবর্তন মূলত বাল্ক ডিপোজ়িটের জন্য প্রযোজ্য হবে। নতুন নিয়মে সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলি তাদের নগদের প্রয়োজন এবং লিকুইডিটি কভারেজ রেশিও (LCR)-এর ভিত্তিতে সুদের হার ঠিক করতে পারবে। বর্তমানে একই দিনে একই মেয়াদের বাল্ক ডিপোজ়িটে নির্দিষ্ট সুদের হারই দেওয়া হয়।
বাল্ক ডিপোজ়িট বলতে সাধারণত বড় অঙ্কের স্থায়ী আমানতকে বোঝায়। এটি মূলত সংস্থা, প্রতিষ্ঠান, ট্রাস্ট বা উচ্চমূল্যের ব্যক্তিগত বিনিয়োগকারীরা করে থাকেন। এই ধরনের আমানতের পরিমাণ সাধারণত ৩ কোটি টাকা বা তার বেশি।
নতুন নিয়ম অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টার মধ্যে বাল্ক ডিপোজ়িটের সুদের হার প্রকাশ করতে হবে ব্যাঙ্কগুলিকে। আরবিআই ১০ মিনিট অতিরিক্ত সময়ও দিয়েছে। অর্থাৎ সকাল ১০টা ১০ মিনিটের মধ্যে সংশ্লিষ্ট সুদের হার ব্যাঙ্কের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এরপর ওই দিনের জন্য আর সুদের হারে কোনও পরিবর্তন করা যাবে না।
তবে একটি বিষয় স্পষ্ট করেছে রিজ়ার্ভ ব্যাঙ্ক। কোনও ব্যাঙ্কের বিভিন্ন শাখায় বাল্ক ডিপোজ়িটের সুদের হার আলাদা হবে না। অর্থাৎ একই ব্যাঙ্কের যে কোনও শাখায় গ্রাহক সমান সুদের সুবিধাই পাবেন।
আরবিআইয়ের মতে, এই ব্যবস্থা চালু হলে বাল্ক ডিপোজ়িটে আরও বেশি স্বচ্ছতা আসবে। একই সঙ্গে ব্যাঙ্কগুলির নগদ পরিচালনাও আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। যদিও সাধারণ গ্রাহকদের জন্য খুব একটা পরিবর্তন হচ্ছে না। কারণ কয়েক হাজার বা কয়েক লক্ষ টাকার সাধারণ ফিক্সড ডিপোজ়িটের সুদের নিয়মে কোনও বদল আনা হয়নি।
এছাড়াও প্রবীণ নাগরিকদের জন্য অতিরিক্ত সুদ কিংবা নির্দিষ্ট এফডিতে বিমার সুবিধার ক্ষেত্রেও কোনও পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ ১ অক্টোবর থেকে কার্যকর হওয়া নতুন নিয়ম শুধুমাত্র বাল্ক ডিপোজ়িটের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।






