অ্যাপ্ল সাধারণত তাদের আইফোনের ব্যাটারির ক্ষমতা নিয়ে খুব বেশি তথ্য প্রকাশ করে না। তবে আইফোন ১৮ সিরিজ় বাজারে আসার আগেই বিভিন্ন শংসাপত্র সংক্রান্ত নথি থেকে সামনে এসেছে নতুন মডেলগুলির সম্ভাব্য ব্যাটারি ক্ষমতার তথ্য। ফলে লঞ্চের আগেই প্রযুক্তিপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে জোর আলোচনা।
জানা গিয়েছে, চিনে উৎপাদিত স্মার্টফোন বাজারে ছাড়ার আগে নির্দিষ্ট মান নিয়ন্ত্রণ ব্যবস্থার আওতায় শংসাপত্র নেওয়া বাধ্যতামূলক। ওই নথিতেই আসন্ন আইফোন ১৮ সিরিজ়ের একাধিক মডেলের ব্যাটারির তথ্য উঠে এসেছে বলে দাবি করা হচ্ছে। এই প্রক্রিয়ার মাধ্যমে গ্রাহক সুরক্ষা, স্বাস্থ্য, পরিবেশ এবং নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন মানদণ্ড যাচাই করা হয়।
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, আইফোন ১৮ প্রোর ই-সিম সংস্করণে থাকতে পারে ৪,২৮৮ mAh ব্যাটারি। অন্যদিকে, ফিজ়িক্যাল সিম সমর্থিত মডেলে ব্যাটারির ক্ষমতা হতে পারে ৪,০৫৬ mAh।
আইফোন ১৮ প্রো ম্যাক্সের ক্ষেত্রেও আলাদা ব্যাটারি দেখা যেতে পারে। ই-সিম ভ্যারিয়েন্টে ৫,৫৬৭ mAh ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। আর সাধারণ সিম সমর্থিত সংস্করণে মিলতে পারে ৫,৩৯১ mAh ব্যাটারি। অর্থাৎ, প্রো ম্যাক্স মডেলের ব্যাটারির আকার আগের প্রজন্মের তুলনায় উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
ব্যাটারির পাশাপাশি দাম নিয়েও শুরু হয়েছে জল্পনা। প্রযুক্তি মহলের একাংশের অনুমান, ভারতে আইফোন ১৮ সিরিজ়ের প্রাথমিক দাম প্রায় ৮৮,৯৯০ টাকা থেকে শুরু হতে পারে। আইফোন ১৮ প্লাসের দাম ৯৯,৯৯০ টাকার কাছাকাছি থাকতে পারে বলেও মনে করা হচ্ছে। অন্যদিকে প্রো এবং প্রো ম্যাক্সের মতো প্রিমিয়াম মডেলের দাম ১.৫ লক্ষ টাকার কাছাকাছি বা তারও বেশি হতে পারে।
যদিও অ্যাপ্লের তরফে এখনও পর্যন্ত আইফোন ১৮ সিরিজ়ের ব্যাটারি ক্ষমতা বা দাম নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ফলে এই তথ্যগুলিকে আপাতত সম্ভাব্য তথ্য হিসেবেই দেখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।






