হঠাৎ অসুস্থ হলে অনেক সময়ই পুরনো প্রেসক্রিপশন, ল্যাব রিপোর্ট বা চিকিৎসার নথি খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। সেই সমস্যা দূর করতে কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন (ABDM)-এর আওতায় চালু হয়েছে আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট বা ABHA। এই ডিজিটাল হেলথ আইডির মাধ্যমে একজন ব্যক্তি তাঁর সমস্ত স্বাস্থ্য সংক্রান্ত তথ্য এক জায়গায় নিরাপদে সংরক্ষণ করতে পারেন।
ABHA নম্বর আসলে একটি ইউনিক ডিজিটাল হেলথ আইডি। প্রতিটি ব্যবহারকারীর জন্য এই নম্বর আলাদা হয়। হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এবং অন্যান্য স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্য সংক্রান্ত নথি শেয়ার করাও সহজ হয় এই আইডির মাধ্যমে।
এই পরিষেবা ব্যবহার করা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী। অর্থাৎ, কোনও ভারতীয় নাগরিক চাইলে ABHA অ্যাকাউন্ট খুলতে পারেন, আবার না খুললেও কোনও বাধ্যবাধকতা নেই।
ABHA অ্যাকাউন্টের সবচেয়ে বড় সুবিধা হল, সমস্ত প্রেসক্রিপশন, পরীক্ষার রিপোর্ট এবং চিকিৎসার ইতিহাস ডিজিটালভাবে সংরক্ষণ করা যায়। ফলে চিকিৎসকের কাছে গেলে আলাদা করে কাগজপত্র বহন করার প্রয়োজন হয় না। প্রয়োজনে কয়েক মুহূর্তের মধ্যেই ডিজিটাল নথি শেয়ার করা সম্ভব। দীর্ঘদিনের কোনও রোগের চিকিৎসা, টিকাকরণ, বিভিন্ন মেডিক্যাল পরীক্ষার রিপোর্ট সংরক্ষণ কিংবা অন্য শহরে গিয়ে চিকিৎসা করানোর ক্ষেত্রেও এই ডিজিটাল রেকর্ড বিশেষভাবে কাজে আসে।
গোপনীয়তার বিষয়টিতেও জোর দেওয়া হয়েছে। ব্যবহারকারীর অনুমতি ছাড়া কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান স্বাস্থ্য সংক্রান্ত তথ্য দেখতে পারবে না। কার সঙ্গে, কতটা তথ্য এবং কতদিনের জন্য শেয়ার করা হবে, সেই নিয়ন্ত্রণ পুরোপুরি ব্যবহারকারীর হাতেই থাকে। প্রয়োজনে পরে সেই অনুমতিও প্রত্যাহার করা যায়।
ABHA অ্যাকাউন্ট খুলতে প্রয়োজন হবে আধার কার্ড অথবা অন্য কোনও গ্রহণযোগ্য পরিচয়পত্র, একটি মোবাইল নম্বর এবং কিছু প্রাথমিক ব্যক্তিগত তথ্য। রেজিস্ট্রেশনের পর ব্যবহারকারী চাইলে ধাপে ধাপে নিজের স্বাস্থ্য সংক্রান্ত নথিগুলি অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করতে পারবেন।
স্বাস্থ্য পরিষেবায় ডিজিটাল ব্যবস্থার ব্যবহার দ্রুত বাড়ছে। এই পরিস্থিতিতে চিকিৎসার নথি ডিজিটালভাবে সংরক্ষণ করলে রিপোর্ট হারানোর ঝুঁকি কমে, একই পরীক্ষা বারবার করানোর প্রয়োজন হয় না এবং চিকিৎসকের পক্ষেও রোগীর আগের চিকিৎসার ইতিহাস দ্রুত দেখে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। ফলে জরুরি পরিস্থিতিতেও দ্রুত চিকিৎসা শুরু করা সম্ভব হতে পারে।






