অন্নপূর্ণা যোজনার আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট সামনে আসতে শুরু করেছে। গত এক মাস ধরে বিভিন্ন জেলায় সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে আবেদনকারীদের তথ্য ও নথি যাচাই করেছেন। সেই প্রক্রিয়া শেষের দিকে এগোতেই অনেকের আবেদনের স্ট্যাটাসেও পরিবর্তন দেখা যাচ্ছে। ফলে অগাস্ট মাসের কিস্তি নিয়ে আশাবাদী উপভোক্তাদের মধ্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
রাজ্য সরকারের তরফে আগেই জানানো হয়েছিল, যোগ্য কোনও আবেদনকারীকে এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা হবে না। মুখ্যমন্ত্রীও সম্প্রতি জানিয়েছেন, অগাস্টের শুরু থেকেই অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হবে। একই সময়ে বর্ধিত হারে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতাও উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে।
ইতিমধ্যেই ১ কোটিরও বেশি মহিলার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পৌঁছে গিয়েছে। অন্যদিকে, প্রায় ২৬ লক্ষ আবেদন বিভিন্ন কারণে বাতিল হয়েছে বলেও সরকার জানিয়েছে। বাতিল হওয়া আবেদনকারীরা ফের আবেদন করতে পারবেন কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক নির্দেশিকা প্রকাশ করা হয়নি।
তবে সবচেয়ে বেশি উদ্বেগে ছিলেন যাঁদের আবেদনের স্ট্যাটাস দীর্ঘদিন ধরে ‘Under Inquiry’ দেখাচ্ছিল। সূত্রের খবর, সেই আবেদনগুলির অধিকাংশ ক্ষেত্রেই ইতিমধ্যে সরেজমিনে যাচাই হয়েছে। সরকারি কর্মীরা আবেদনকারীদের বাড়িতে গিয়ে প্রয়োজনীয় নথি মিলিয়ে দেখেছেন এবং বিভিন্ন তথ্য যাচাই করেছেন। সেই প্রক্রিয়ার ভিত্তিতেই এখন ধীরে ধীরে স্ট্যাটাস আপডেট করা হচ্ছে।
সাম্প্রতিক সময়ে বহু আবেদনকারী জানিয়েছেন, তাঁদের আবেদনের স্ট্যাটাসে পরিবর্তন এসেছে। যাঁদের আগে ‘Under Inquiry’ লেখা ছিল, তাঁদের মধ্যে অনেকের ক্ষেত্রে এখন ‘Approved’ দেখা যাচ্ছে। আবার কিছু আবেদনকারীর স্ট্যাটাস ‘Rejected’ হয়েছে। যদিও এখনও অনেকের আবেদন ‘Under Inquiry’ অবস্থাতেই রয়েছে।
যাঁদের স্ট্যাটাস ‘Approved’ হয়েছে, তাঁদের অগাস্ট মাসের কিস্তি পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে, ‘Rejected’ হলে এই দফায় টাকা পাওয়ার সুযোগ থাকবে না। আর যাঁদের আবেদন এখনও ‘Under Inquiry’ অবস্থায় রয়েছে, তাঁদের ক্ষেত্রেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও বাকি থাকতে পারে। যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হলে যে কোনও সময় স্ট্যাটাস পরিবর্তন হতে পারে।
নিজের আবেদনের বর্তমান অবস্থা জানতে সোশ্যাল সিকিউরিটি পোর্টালে গিয়ে জেলা নির্বাচন করে ডিবিটি-সংযুক্ত মোবাইল নম্বর দিতে হবে। সেই নম্বরে আসা ওটিপি দিয়ে লগ-ইন করলেই আবেদন অনুমোদিত হয়েছে, বাতিল হয়েছে নাকি এখনও যাচাই চলছে— সেই তথ্য স্ক্রিনে দেখা যাবে।






