বিশ্বের প্রথম AI স্মার্টফোন আনল চিন, এক নির্দেশেই করবে সব কাজ

On: Thursday, July 16, 2026 4:00 PM
---Advertisement---

স্মার্টফোন প্রযুক্তিতে বড় দাবি করল চিন। দেশটির কৃত্রিম মেধা (AI) স্টার্টআপ StepFun বিশ্বের প্রথম বাজার-উপযোগী AI স্মার্টফোন তৈরির ঘোষণা করেছে। ‘StepX Neo’ নামে এই ফোনটি এমনভাবে তৈরি হয়েছে, যেখানে ব্যবহারকারীকে আলাদা আলাদা অ্যাপ খুলে কাজ করতে হবে না। একটি সাধারণ নির্দেশ পেলেই ফোনের AI নিজেই একাধিক কাজ সম্পন্ন করতে পারবে বলে সংস্থার দাবি।

২০২৩ সালে মাইক্রোসফ্টের প্রাক্তন কর্মীদের হাত ধরে গড়ে ওঠা StepFun সম্প্রতি সাংহাইয়ে একটি অনুষ্ঠানে নতুন এই স্মার্টফোনের উপর থেকে পর্দা সরিয়েছে। ফোনটির অন্যতম আকর্ষণ হল ‘Step Amo’ নামে একটি বিল্ট-ইন AI এজেন্ট, যা সংস্থার নিজস্ব অপারেটিং সিস্টেম ‘Step AOS’-এর উপর ভিত্তি করে কাজ করে।

সংস্থার দাবি, এই AI এজেন্ট ইন্টারনেট সংযোগ ছাড়াও বহু কাজ করতে সক্ষম। ব্যবহারকারীর স্বাভাবিক ভাষায় দেওয়া একটি নির্দেশ বুঝে সেটিকে বিশ্লেষণ করে একাধিক ধাপের কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে পারে এটি।

Step AOS-কে বিশেষভাবে AI এজেন্ট-কেন্দ্রিক অপারেটিং সিস্টেম হিসেবে তৈরি করা হয়েছে। বড় ভাষা মডেল (Large Language Model) ব্যবহার করে এমন একটি ইকোসিস্টেম গড়ে তোলা হয়েছে, যেখানে AI-ই ফোনের অধিকাংশ কাজ পরিচালনা করবে।

বর্তমান স্মার্টফোনে কোনও কাজ করতে একাধিক অ্যাপ ব্যবহার করতে হলেও StepX Neo-র ক্ষেত্রে সেই প্রয়োজন থাকবে না বলেই দাবি করছে StepFun। ভ্রমণের পরিকল্পনা, অর্থ লেনদেন বা বিভিন্ন অনলাইন পরিষেবা ব্যবহারের মতো কাজ AI নিজেই সমন্বয় করে সম্পন্ন করতে পারবে।

এই লক্ষ্যে চিনের একাধিক জনপ্রিয় ডিজিটাল পরিষেবার সঙ্গে ফোনটির সমন্বয়ও করা হয়েছে। ফলে ব্যবহারকারীকে বারবার অ্যাপ বদলাতে হবে না, AI নিজেই প্রয়োজনীয় পরিষেবার সঙ্গে যোগাযোগ করে কাজ এগিয়ে নিয়ে যাবে।

উল্লেখযোগ্য বিষয় হল, এমন সময় StepFun এই ঘোষণা করল, যখন যুক্তরাষ্ট্রে AI হার্ডওয়্যার নিয়ে বড় প্রযুক্তি সংস্থাগুলির মধ্যে প্রতিযোগিতা ও আইনি টানাপোড়েন চলছে। সম্প্রতি অ্যাপল এবং OpenAI-কে ঘিরে প্রযুক্তি দুনিয়ায় নতুন বিতর্ক তৈরি হয়েছে। সেই আবহেই AI স্মার্টফোনের ঘোষণা করে নজর কেড়েছে চিনা সংস্থাটি।

তবে StepX Neo কবে বাজারে আসবে, কোন কোন দেশে প্রথম বিক্রি শুরু হবে কিংবা এর দাম কত হবে, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি StepFun-এর প্রতিষ্ঠাতা ও সিইও ইন কি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now