আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার (PM-JAY) সুবিধাভোগীদের জন্য বড় সুখবর আসতে পারে। বর্তমানে এই প্রকল্পে প্রতি পরিবার বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমার সুবিধা মেলে। তবে সেই সীমা বাড়িয়ে ১০ লক্ষ টাকা করার সুপারিশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। যদিও এখনও এই সিদ্ধান্ত কার্যকর হয়নি। এটি আপাতত কেন্দ্রের কাছে পাঠানো একটি সুপারিশ।
কমিটির ১৭২তম প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে চিকিৎসার খরচ দ্রুত বেড়ে চলেছে। বিশেষ করে লিভার প্রতিস্থাপন, জটিল হৃদরোগের অস্ত্রোপচার, ইমিউনোথেরাপির মতো উন্নত চিকিৎসার ক্ষেত্রে ৫ লক্ষ টাকার বিমা কভার অনেক সময়ই যথেষ্ট হয় না। ফলে প্রকল্পের আওতায় থাকা সত্ত্বেও রোগীদের চিকিৎসার জন্য নিজের পকেট থেকে বড় অঙ্কের টাকা খরচ করতে হচ্ছে।
এই পরিস্থিতি বিবেচনা করে স্বাস্থ্যবিমার ঊর্ধ্বসীমা ১০ লক্ষ টাকা পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। তাদের মতে, বর্তমান চিকিৎসা ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রাখতে এই পরিবর্তন জরুরি।
শুধু বিমার পরিমাণ বাড়ানোর প্রস্তাবই নয়, উচ্চ খরচের চিকিৎসার জন্য আলাদা বিশেষ প্যাকেজ তৈরিরও পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে হাসপাতাল ও চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থার সঙ্গে দর কষাকষি করে চিকিৎসার খরচ কমানোর এবং রাজ্য সরকারগুলির সহযোগিতায় প্রয়োজনীয় স্বাস্থ্য তহবিল গঠনের সুপারিশও করেছে কমিটি।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, এই ধরনের পরিবর্তন প্রকল্পের আর্থিক ভারসাম্য বজায় রেখেই বাস্তবায়ন করা সম্ভব। পাশাপাশি যাঁদের ব্যয়বহুল জীবনরক্ষাকারী চিকিৎসার প্রয়োজন, তাঁরা যাতে অর্থের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেও এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ হতে পারে।
তবে উল্লেখযোগ্য বিষয় হল, ৫ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকায় বিমা কভার বাড়ানোর বিষয়ে এখনও কেন্দ্র সরকার কোনও চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেনি। সংসদীয় কমিটির সুপারিশ গ্রহণ করে সরকার নীতি পরিবর্তন করলে তবেই এই সুবিধা কার্যকর হবে।






