‘আয়ুষ্মান ভারত’ না পেলেও মিলবে ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা’! ৫ লক্ষের এই ইন্স্যুরেন্স পেতে কী যোগ্যতা লাগবে? জানুন বিস্তারিত

On: Saturday, July 11, 2026 9:03 PM
---Advertisement---

আয়ুষ্মান ভারত প্রকল্পে আবেদন প্রক্রিয়া চলার মধ্যেই পশ্চিমবাসীর জন্য নতুন স্বাস্থ্যবিমা প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, যাঁরা আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসবেন না, তাঁদের জন্য আলাদা করে চালু করা হবে ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা’ কার্ড। এই কার্ডের মাধ্যমে দেশের যে কোনও অনুমোদিত হাসপাতালে বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুবিধা পাওয়া যাবে।

শুক্রবার রেজিনগরের জনসভা থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “পশ্চিমবঙ্গের যে সমস্ত উপভোক্তা আয়ুষ্মান ভারত কার্ড পাবেন না, তাঁরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা কার্ড পাবেন। এই কার্ড ব্যবহার করে সারা ভারতের যে কোনও হাসপাতালে প্রতিবছর ৫ লক্ষ টাকার চিকিৎসা করানো যাবে।”

তবে নতুন এই স্বাস্থ্যবিমা কার্ডের জন্য কারা আবেদন করতে পারবেন, কী কী নথি লাগবে বা আবেদন পদ্ধতি কী হবে, সেই সংক্রান্ত সরকারি নির্দেশিকা এখনও প্রকাশিত হয়নি। প্রশাসনিক সূত্রের খবর, খুব শীঘ্রই বিস্তারিত গাইডলাইন জারি করা হতে পারে।

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর স্বাস্থ্যসাথী প্রকল্পের পরিবর্তে আয়ুষ্মান ভারত যোজনা চালু হয়েছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর করেছে রাজ্য সরকার। এই প্রকল্পে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা দেওয়া হবে এবং এর জন্য ৯৭৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যের প্রায় ১.৪৬ কোটি পরিবার আয়ুষ্মান ভারতের সুবিধা পাবে। আর্থিকভাবে দুর্বল পরিবার, ৭০ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিক এবং নির্দিষ্ট আয়ের সীমার মধ্যে থাকা পরিবারের সদস্যরা এই প্রকল্পের আওতায় থাকবেন। তবে যাঁরা বিভিন্ন কারণে আয়ুষ্মান ভারতের যোগ্যতার শর্ত পূরণ করতে পারবেন না, তাঁদের জন্যই নতুন স্বাস্থ্যবিমা প্রকল্প চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী আরও বলেন, “আমরা সাড়ে ছয় কোটি মানুষকে আয়ুষ্মান ভারত দেব। যাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না, তাঁদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার অধীনে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধা দেওয়া হবে।”

বর্তমানে আয়ুষ্মান ভারত প্রকল্পে আবেদন করা যাচ্ছে PM-JAY Beneficiary পোর্টাল, আয়ুষ্মান অ্যাপ অথবা নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার (CSC)-এর মাধ্যমে। আবেদন করতে প্রয়োজন বৈধ আধার কার্ড, ভোটার পরিচয়পত্র, আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বর, রেশন কার্ড, আয় সংক্রান্ত নথি এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র।

নতুন মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা প্রকল্পের বিস্তারিত নিয়ম প্রকাশ হলে, আয়ুষ্মান ভারত থেকে বাদ পড়া উপভোক্তাদের জন্য আবেদন প্রক্রিয়াও শুরু হবে বলে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now