সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে ছোট থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে চান? সে ক্ষেত্রে কম টাকায় দীর্ঘমেয়াদি বিনিয়োগের একটি সুযোগ এনে দিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) এবং SBI মিউচুয়াল ফান্ড। ‘জননিবেশ SIP’ নামে এই প্রকল্পে মাসে মাত্র ২৫০ টাকা দিয়েই বিনিয়োগ শুরু করা যায়। দীর্ঘ সময় ধরে নিয়মিত বিনিয়োগ চালিয়ে গেলে বড় অঙ্কের তহবিল গড়ে তোলার সম্ভাবনাও তৈরি হয়।
বর্তমানে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা SIP মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের অন্যতম জনপ্রিয় মাধ্যম। নির্দিষ্ট সময় অন্তর অল্প অল্প করে টাকা বিনিয়োগ করার সুযোগ থাকায় মধ্যবিত্ত ও নতুন বিনিয়োগকারীদের মধ্যে এই পদ্ধতির জনপ্রিয়তা দ্রুত বেড়েছে। সাধারণত বেশিরভাগ SIP ৫০০ টাকা থেকে শুরু হলেও SBI-এর জননিবেশ SIP-এ মাসিক মাত্র ২৫০ টাকাতেই বিনিয়োগ করা যায়।
এই প্রকল্পে জমা হওয়া অর্থ বিনিয়োগ করা হয় SBI Balanced Advantage Fund-এ। এটি একটি হাইব্রিড মিউচুয়াল ফান্ড, যেখানে ইকুইটি এবং ঋণ— দুই ধরনের সম্পদেই বিনিয়োগ করা হয়। বাজারের পরিস্থিতি বিবেচনা করে ফান্ড ম্যানেজার বিনিয়োগের অনুপাত পরিবর্তন করেন, যাতে ঝুঁকি এবং সম্ভাব্য রিটার্নের মধ্যে ভারসাম্য বজায় থাকে।
SBI-এর দাবি, এই প্রকল্পের মূল লক্ষ্য হল গ্রামীণ, আধা-শহর এবং শহরাঞ্চলের প্রথমবারের বিনিয়োগকারী ও ক্ষুদ্র সঞ্চয়কারীদের মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে উৎসাহিত করা। দৈনিক, সাপ্তাহিক বা মাসিক— তিন ধরনের SIP-এর বিকল্পও রয়েছে।
দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে চক্রবৃদ্ধি হারের সুবিধাই এই প্রকল্পের প্রধান আকর্ষণ। উদাহরণ হিসেবে, প্রতি মাসে ২৫০ টাকা করে ৩০ বছর বিনিয়োগ করা হলে এবং গড়ে বার্ষিক ১৫ শতাংশ হারে রিটার্ন মিললে প্রায় ১৭.৩০ লক্ষ টাকার তহবিল তৈরি হতে পারে। একইভাবে, ৪০ বছর ধরে একই হারে বিনিয়োগ ও সমপরিমাণ রিটার্ন ধরে হিসাব করলে কর্পাসের অঙ্ক প্রায় ৭৮ লক্ষ টাকায় পৌঁছাতে পারে।
তবে মনে রাখা জরুরি, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারের ওঠানামার সঙ্গে যুক্ত। অতীতের রিটার্ন ভবিষ্যতের লাভের নিশ্চয়তা দেয় না। তাই কোনও SIP-এ বিনিয়োগের আগে নিজের আর্থিক লক্ষ্য, ঝুঁকি নেওয়ার ক্ষমতা এবং প্রয়োজন হলে আর্থিক উপদেষ্টার পরামর্শ বিবেচনা করা উচিত।






